সচেতনতায় টয়লেট অ্যাপ ‘পুডাকটিভ’
‘পুডাকটিভ’ হচ্ছে মূলত এমন একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে টয়লেটে বসে অপরিচিতদের সঙ্গে গেইম থেলা যাবে অথবা মেসেজিং করা সম্ভব হবে। কিন্তু অ্যাপটির মূল লক্ষ্য আরও বড়।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বের ২৪০ কোটি মানুষ যারা নিরাপদ স্বাস্থ্যব্যবস্থা ও পরিষ্কার পানি থেকে বঞ্চিত, তাদের এ সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে ‘পুডাকটিভ’-এর নির্মাতারা।
প্রাথমিকভাবে অ্যাপটি চলতি বছরের অগাস্টে অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য লঞ্চ করা হয়েছিল। এখন অ্যাপটি ‘ইউএন-ওয়াটার’-এর সঙ্গে অংশীদারিত্বে পুনরায় লঞ্চ করা হয়েছে। আর অ্যাপ লঞ্চের তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছিল ১৯ নভেম্বর। কারণ, ১৯ নভেম্বর হচ্ছে ‘ওয়ার্ল্ড টয়লেট ডে’।
‘পুডাকটিভ’ অ্যাপটি গ্রুপ চ্যাটের মাধ্যমে একজন অপরিচিতের সঙ্গে অন্য অপরিচিতকে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। পরিচিত হবার পর অ্যাপ ব্যবহারকারীরা চাইলে একে অন্যের সঙ্গে আলাপ করতে পারবেন অথবা সহজ কোনো গেইম খেলতে পারবেন। গার্ডিয়ান জানিয়েছে, অ্যাপটি ব্যবহারের জন্য সেপ্টেম্বরের শুরুতেই ৭০ হাজারেরও বেশি মানুষ সাইন আপ করেছেন।
অ্যাপ স্টোর লিস্টিংয়ে ‘পুডাকটিভ’ অ্যাপ প্রসঙ্গে লেখা রয়েছে, “এটি আপনার মতো অবস্থানে রয়েছেন এমন মানুষ নিয়ে তৈরি একটি কমিউনিটি। আর তাই এটি শ্যাম্পুর বোতলের পেছনে লেখা পড়া বা অদ্ভুত কোনো গেইম খেলার চেয়েও অনেক বেশি ভাল ও আনন্দায়ক।”
নতুন এ অ্যাপটি মজার হলেও, টয়লেটে বসে ফেইসবুক ও টুইটারের মতো প্রতিষ্ঠিত সামাজিক মাধ্যম ব্যবহার বা ক্যান্ডি ক্রাশ সাগা ও ক্ল্যাশ অফ ক্ল্যানস খেলার বদলে মানুষ ‘পুডাকটিভ’ অ্যাপটি ব্যবহার করবে কিনা, সেটিই দেখার বিষয় বলে মন্তব্য করেছে গার্ডিয়ান।
