২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীর খোঁজে টুইটারে টেসলা!

বদলাচ্ছে সময়, বদলাচ্ছে মানুষের কাজের ধরন। মানুষের প্রতিদিনকার জীবনে সামাজিক মাধ্যমগুলো প্রভাব এখন চোখে পড়ার মতো। এমনকি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলো যে বাদ যাচ্ছে না সেটা মানতেই হয়; যখন কর্মী নিয়োগের ঘোষণা আসে সামাজিক যোগাযোগের মাধ্যমে! সম্প্রতি ইলেক্ট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক মাইক্রোব্লগিং সেবা টুইটারের মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ঘোষণা দিয়ে সেটাই যেন প্রমাণ করলেন আরেকবার।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

প্রযুক্তিবিষয়ক টেকক্রাঞ্চ জানিয়েছে, কিছু সংখ্যক ভাল প্রকৌশলী খুঁজছেন মাস্ক। প্রতিষ্ঠানটির অটোমোবাইল বিভাগের বিস্তারে জন্য নতুন ‘মেধাবীমুখ’ দরকার জানিয়ে টুইটারে ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে সেখানে আগ্রহীদের ‘ইন্টারভিউ’ নেওয়া হবে বলেও জানান তিনি।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে হার্ডওয়্যারের চেয়ে এখন সফটওয়্যারই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তাই টেসলার লাগবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে আবেদনকারীর অটোমোবাইল খাতে কোনো অভিজ্ঞতার না থাকলেও চলবে বলে জানিয়েছেন মাস্ক।

আবেদন প্রক্রিয়াও গতানুগতিক ধারার চেয়ে সহজ করে দিয়েছেন মাস্ক। এজন্য নিজেদের কাজের উদাহরণের লিঙ্ক দিয়ে আগ্রহীরা টেসলায় শুধু একটি মেইল পাঠালেই হবে।

টেসলার স্বনিয়ন্ত্রিত গাড়ি নির্মাণ বিভাগটির জন্য কর্মী খুঁজছেন মাস্ক। প্রতিষ্ঠানটির মডেল এস সেডান গাড়িটিকে আপাতদৃষ্টিতে স্বনিয়ন্ত্রিত গাড়ির পরিণত করেছে ওই বিভাগটি।

কবে নাগাদ টেসলার অটোপাইলট গাড়ি বাজারে আসবে হবে তা এখনও নির্দিষ্ট করে বলা যাবে না। তবে, যত দিন পর্যন্ত গাড়ির কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম লেন বদলের মত কাজে শতভাগ আত্মবিশ্বাসী না হবে ততদিন তা আনা হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।

মাস্কের মতে অটোপাইলট ফিচার এখাতে অগ্রগতির একটি বড় ধাপ। তিন বছরের মধ্যে পুরোপুরি স্বনিয়ন্ত্রিত গাড়ি বাজারে আসবে বলে আশা করছেন তিনি।