২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস বাস্তবতায় প্রাইভেসি বনাম নিরাপত্তা

প্যারিসে সন্ত্রাসী হামলার পর বিপাকে পড়ে গেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। শোক কাঠিয়ে উঠার পর ফ্রান্স ও অন্যান্য দেশের সরকার যে বিষয়গুলোর উপর চড়াও হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এনক্রিপশন প্রযুক্তি। প্যারিস হামলা পরিকল্পনায় যে এনক্রিপশন প্রযুক্তি সম্বলিত অ্যাপ ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তার মানে এই নয় যে, রক্ষা পেয়ে গেছে প্রযুক্তিটি। কারণ চরমপন্থী সংগঠন আইএস এনক্রিপশন প্রযুক্তির অ্যাপ টেলিগ্রামের মাধ্যমেই প্যারিস হামলার দায়ভার স্বীকার করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 11:39 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফলাফল শেষ পর্যন্ত যে দিকেই গড়াক না কেন, এনক্রিপশন প্রযুক্তির উপর যে সরকারের বিধিনিষেধ আসতে যাচ্ছে সে বিষয়টি অনেকটাই নিশ্চিত।

সরকার যে এনক্রিপশন প্রযুক্তির উপর চড়াও হতে পারে তা নিচে উদ্ধৃত বেশ কয়েকটি মন্তব্য পড়লেই পরিষ্কার হয়ে যাবে-

যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডায়ান ফাইনস্টাইন বলেছেন, “আপনি যদি এমন পণ্য বা সেবা তৈরি করেন যার মাধ্যমে অশুভ দানবরা প্রবেশ করে শিশু ও নিরপরাধদের আক্রমণ করবে - সেটি হতে পারে স্টেডিয়ামে, প্যারিসের ছোট কোন রেস্তারাঁয় বা কোনো উড়ন্ত বিমানে - তাহলে তা বড় একটি সমস্যা। আমাদের উচ্চ-প্রযুক্তির সাহায্য প্রয়োজন যার মাধ্যমে আমরা বুঝতে পারব তারা কী নিয়ে আলোচনা করছে।”

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন ব্রেনান বলেছেন, “বর্তমানে এমন অনেক প্রযুক্তি রয়েছে যা কারিগরি ও বৈধতার দিক থেকে ইন্টিলিজেন্স ও গোয়েন্দা সংস্থার কাজ অনেক কঠিন করে দিয়েছে।”

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগে থেকেই এনক্রিপশন প্রযুক্তি নিয়ে চাপের মধ্যে ছিল, প্যারিস হামলার পর বলা চলে সে চাপ দ্বিগুণ হয়েছে। প্রতিষ্ঠানগুলোর ভাষ্য হচ্ছে, যত সামান্য কাজই হোক না কেন এনক্রিপশন ছাড়া অনলাইনে ইন্টারনেট ব্যবহারকারীরা নিরাপদ নয়। তারা যদি সরকারের জন্য নিজ সেবায় কোনো ‘ব্যাকডোর’ তৈরি করে দেয়, তাহলে তা আবিষ্কার করা হ্যাকারের জন্য কঠিন কোনো কাজ নয় এবং হ্যাকাররা ওই ব্যাকডোর যে নিজ স্বার্থে ব্যবহার করবে তা বলার আর কোনো প্রয়োজন রাখে না।

এ প্রসঙ্গে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক একটি মন্তব্য করেছিলেন, যদি বাসার বাইরের ম্যাটে ঘরের চাবি পুলিশের জন্য রেখে যাওয়া হয়, তাহলে সে চাবি চোরও খুঁজে পেতে পারে।

একদিকে গ্রাহক প্রাইভেসি, অন্যদিকে জনসাধারণের নিরাপত্তা। এ সমস্যার সমাধান শেষ পর্যন্ত কী হবে তা হয়তো সময়ই ভালো বলতে পারবে।