চোখের ইশারায় চলবে হুইল চেয়ার
শুধু চোখ দিয়েই হুইল চেয়ার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এমন ডিভাইস তৈরি করে ইউএস পুরস্কার জিতে নিলেন দূরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত ৪৬ বয়সী ব্যক্তি প্যাট্রিক জয়েস।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জয়েস তার তৈরি ডিভাইসটির নাম দিয়েছেন আইড্রাইভোমেট্রিক।
জয়েসের তৈরি আইড্রাইভোমেট্রিকের সাহায্যে হুইল চেয়ারের গতি পরিবর্তন, কাত করা এবং ঘুরানো সম্ভব হবে। ডিভাইসটি তৈরিতে জয়েসের মোট সময় লেগেছে দুই বছর। আর ডিভাইসটি পরীক্ষার ব্যাপারে তাকে সাহায্য করেছেন মোটর নিউরন রোগে আক্রান্ত আরেকজন রোগী স্টিভ ইভানস। উল্লেখ্য, জয়েস যে মোটর নিউরন রোগে আক্রান্ত সে বিষয়টি ২০০৮ সালে ধরা পড়ে, তিনি বর্তমানে অসুস্থ থাকলেও নিজেই নিজের হুইল চেয়ার চালাতে পারেন। অন্যদিকে ইভানস শুধু তার চোখ নাড়াতে পারেন।
ডিভাইসটিতে আইগেজ সফটওয়্যারকে জয়স্টিক নিয়ন্ত্রণে চলে এমন হুইল চেয়ারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আইগেজ সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার চোখের গতিবিধি শনাক্ত করতে পারে। জয়েস যে এক লাখ ৯৬ হাজার ডলারের পুরস্কার জিতেছেন, সে বিষয়টি তিনি প্রথম তার স্ত্রীর মারফতে জানতে পারেন।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে জয়েস বলেন, “আমরা বিজয়ী হয়েছি এ খবরটি পাওয়ার পর আমি প্রচণ্ড বিস্মিত হয়েছিলাম। আমাদের খুব প্রযোজনের সময় পুরস্কারের অর্থটি এসেছে। আমরা ছোট একটি বাড়িতে থাকি এবং অন্য বড় কোনো বাড়িতে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য আমাদের ছিল না। আমার এতদিন বেঁচে থাকারও কথা ছিল না। আমরা কখনই প্রত্যাশাও করিনি যে আমি আমার সন্তানদের কিশোর বয়সে পা রাখতে দেখতে পারব।”
এ ছাড়াও নিজ ডিভাইস প্রসঙ্গে জয়েস বলেছেন, “আমি মনে করি না, আইড্রাইভোমেট্রিক কখনও বাণিজ্যকভাবে তৈরি হবে। কিন্তু আমি এটিকে এমনভাবে ডিজাইন করেছি, যাতে করে এটি সহজে বাসায় বসেই তৈরি করা সম্ভব হয়।”
