এবার ইয়োলাতে ফেইসবুকের সেইফটি চেক
উত্তর-পূর্ব নাইজেরিয়ান শহর ইয়োলাতে আত্নঘাতী হামলার পর দেশটির জন্য সেইফটি চেক ফিচার চালু করেছিল ফেইসবুক। সম্প্রতি প্যারিসে সন্ত্রাসী হামলার নিজেদের সেইফটি চেক ফিচারের ব্যবহার নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছিল সামাজিক মাধ্যমটি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্যারিসে সন্ত্রাসী হামলার আগ পর্যন্ত ফিচারটির ব্যবহার শুধু প্রাকৃতিক দূর্যোগের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল।
নেপাল ভূমিকম্পের পর সর্বপ্রথম এই ফিচারটি নিয়ে এসেছিল ফেইসবুক। ফিচারটি নিয়ে আসার কারণ হিসেবে বিবিসি জানিয়েছে, দূর্ঘটনা কবলিত স্থানে সাধারণত সবার আগে যে জিনিসটি ভেঙে পড়ে, তা হচ্ছে মোবাইল ফোন নেটওয়ার্ক। কারণ ওই স্থানের সবাই তখন মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই মূলত সেইফটি চেক ফিচারের আবির্ভাব। ফিচারটির সাহায্যে দূর্ঘটনা কবলিত স্থানে অবস্থানরত ব্যক্তি সবাইকে জানাতে পারেন তিনি নিরাপদে আছেন।
ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়োলাতে আক্রমণের পর সেখানে সেইফটি চেক ফিচার চালু হয়েছে তা জানিয়ে এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “দূর্ভাগ্যবশত, এ ধরনের ঘটনাগুলো প্রায় একইরকম এবং প্রতিনিয়তই ঘটছে। আর তাই আমি সব ঘটনা নিয়ে পোস্ট করব না।”
অন্যদিকে ফিচারটি ব্যবহার করেছেন এমন এক ইয়োলা বাসিন্দা জানিয়েছেন, প্যারিস হামলার পর সেইফটি চেক নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছিল, সেখানে তিনিও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি আনন্দিত যে জাকারবার্গ তাদের কান্নায় সাড়া দিয়েছেন।
