‘ফেইসবুক মনে করেছে আমি সন্ত্রাসী’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ফেইসবুক। আর যুদ্ধের শুরুতেই আইসিস (Isis) নামের এক মার্কিন নারীর অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে সামাজিক মাধ্যমটি।
ফেইসবুকের এ কান্ডের পর ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে রসিকতা করে জানিয়েছে, আইসিস নামের সব নারীকেই এক এক করে ব্যান করা হবে।
ফেইসবুক ব্যানের শিকার ওই নারীর সম্পূর্ণ নাম আইসিস অ্যাঞ্চালি। পেশায় তিনি একজন প্রকৌশলী। মঙ্গলবার বিকালে এক টুইট বার্তায় অ্যাঞ্চালি জানান, তার ফেইসবুক অ্যাকাউন্ট ডিসঅ্যাবল করে দেওয়া হয়েছে এবং দাবী করেন তার নামের কারণেই এ ঘটনা ঘটেছে।
ফেইসবুক কর্তৃপক্ষকে লেখা এক টুইট বার্তায় অ্যাঞ্চালি লিখেছেন, “আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট আপনারা কেন ডিসঅ্যাবল করে দিয়েছেন? আমার আসল নামটিই হচ্ছে আইসিস অ্যাঞ্চালি।”
অ্যাঞ্চালির এক ফেইসবুক বন্ধু হঠাৎ আবিষ্কার করেন, তাদের আলাপচারিতা স্প্যাম হিসেবে চিহ্নিত করে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। এ ঘটনা প্রসঙ্গে অ্যাঞ্চালি বলেছেন, “ফেইসবুক মনে করেছে আমি সন্ত্রাসী এবং আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।”
অ্যাঞ্চালি আরও জানিয়েছেন, তার মূল নামই যে আইসিস তা প্রমাণে ফেইসবুকের কাছে নিজ পাসপোর্টের একটি স্ক্রিনশট পাঠাতে হয়েছে তাকে। তৃতীয়বারের চেষ্টায় তিনি নিজ পরিচয় প্রমাণে সক্ষম হন।
এ সমস্যার জন্য ক্ষমা চেয়ে ফেইসবুকের এক মুখপাত্র জানিয়েছে, তাদের ‘ফেক অ্যাকাউন্ট রিপোর্টিং প্রক্রিয়ার’ কারণে ভুলটি হয়েছিল ও এর সঙ্গে নামের কোনো সম্পর্ক নেই এবং ইতোমধ্যেই তার অ্যাকাউন্টটি রিস্টোর করে দেওয়া হয়েছে।
অন্যদিকে অ্যাঞ্চালি জানিয়েছেন, তিনি ব্যাপারটি নিয়ে কোনো ‘মিডিয়া স্টর্ম’ তৈরি করতে চাননি, তিনি শুধু তার অ্যাকাউন্টটি ফেরত পাওয়ার চেষ্টা করছিলেন।
