গুগলের নিল মোহান এখন ইউটিউবে
ইউটিউবের নতুন ‘পণ্য বিভাগের প্রধান’ হিসেবে নিজেদের শীর্ষ স্থানীয় বিজ্ঞাপন নির্বাহী নিল মোহান-কে নিয়োগ দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। বুধবার অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইটটির প্রধান নির্বাহী সুসান ওজিকি এক টুইট বার্তায় মোহানকে স্বাগত জানিয়েছেন।
এক প্রতিবেদনে মার্কিন ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওজিকি ইউটিউবের প্রধান নির্বাহী হিসেবে যোগদানের পর থেকে, প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের প্রধানের পদটি খালি ছিল।
এ নিয়োগের মাধ্যমে গুগল প্রমাণ করল, প্রতিষ্ঠানটি চাইলেই নিজেদের শীর্ষস্থানীয় নির্বাহীদের ধরে রাখতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, দীর্ঘদিন যাবত গুগলে কর্মরত মোহান বেশ কয়েক বছর আগে টুইটার ইনকোর্পোরেটে চাকরির জন্য আবেদন করেছিলেন এবং এ বছরের শুরুর দিকে অনলাইন স্টোরেজ স্টার্টআপ ড্রপবক্স ইনকর্পোরেটে প্রায় যোগ দিয়ে ফেলেছিলেন।
মোহান বেশ কয়েক বছর গুগলের ডিসপ্লে-অ্যাড ব্যবসা ডাবলক্লিকের তদারকির দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তাকে মোবাইল বিজ্ঞাপনের ভারও দেওয়া হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মোহান আগে থেকেই ওজিকিকে চেনেন এবং গুগলের ওই দায়িত্বগুলো পালনের সময় তারা একসঙ্গে কাজ করেছেন।
অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট হিসেবে ইউটিউব বর্তমানে শীর্ষস্থানে থাকলেও, প্রতিষ্ঠানটি ব্যবসায়িক দিক থেকে তেমন একটা অর্থ উপার্জন করতে পারছে না। ২০১৪ সালে ওজিকি-কে সাইটটির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর, এ বছর নিজেদের আরেকজন শীর্ষ নির্বাহীকে সাইটটির পণ্য বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিল গুগল। এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল মন্তব্য করেছে, বিষয়গুলো থেকে এটি পরিষ্কার যে গুগল ইউটিউব থেকে অর্থ উপার্জনে আগ্রহী।
নতুন দায়িত্ব অনুযায়ী, ওজিকি’র অধীনে ইউটিউবের নতুন গেইমিং সেবা ও বিজ্ঞাপনসহ পণ্য বিভাগের টিমগুলোর নেতৃত্ব দেবেন মোহান।
