ফের ফ্লিপ ফোনে ফিরছে স্যামসাং?
খবর ছড়িয়েছে, ফ্লিপ মডেলের ফোন বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান স্যামসাং। আর স্যামসাংয়ের ওই ফ্লিপ ফোনের মডেল নম্বর হবে এসএম-ডব্লিইউ২০১৬। আসন্ন এ ফোনটির ছবি দেখে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান মন্তব্য করেছে, ডিভাইসটি দেখতে অনেকটাই স্যামসাং গ্যালাক্সি এস৬-এর ‘ক্ল্যামশেল’ সংস্করণের মতো।
গার্ডিয়ানে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের জুলাইয়ে স্যামসাং একটি ফ্লিপ ফোন বাজারে নিয়ে এসেছিল। তবে ফোনটি বৈশ্বিকভাবে লঞ্চ না করে শুধু নিজ দেশ দক্ষিণ কোরিয়াতেই লঞ্চ করেছিল প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের ফ্লিপ মোবাইল সম্পর্কে স্যামমোবাইল জানিয়েছে, নতুন ফোনটিতে তিন গিগাবাইট র্যামসহ মোট ৬৪ গিগাবাইট স্টোরেজ থাকবে। ১৬ মেগাপিক্সেল ও পাঁচ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকবে এবং অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ললিপপ।
তবে গার্ডিয়ান জানিয়েছে, আদৌ স্যামসাং এসএম-ডব্লিইউ২০১৬ মডেলের ফ্লিপ ফোন ইউরোপ ও আমেরিকার বাজারে লঞ্চ করবে নাকি এ ফোনটিও আগের বারের মতো শুধু দক্ষিণ কোরিয়াতেই লঞ্চ করা হবে, সে বিষয় সম্পর্কে এখনও জানা সম্ভব হয়নি।
তবে স্যামসাং ফ্লিপ ফোন বৈশ্বিকভাবে লঞ্চ করলে তা একদিক থেকে ভালই হবে বলে মন্তব্য করেছে গার্ডিয়ান। বর্তমানের স্মার্টফোনগুলোর আকৃতি দিন দিন বড় হচ্ছে, অনেক সময় স্মার্টফোনগুলো পকেটে থাকলে ব্যবহারকারীর বসতে পর্যন্ত কষ্ট হয় বলেই জানিয়েছে গার্ডিয়ান। সেদিক থেকে চিন্তা করলে বর্তমান সময়ে একমাত্র ফ্লিপ ফোনই পারবে, গ্রাহকদের ঢাউস স্মার্টফোনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে।
