২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাভায় মুসলিম নারীদের জন্য ট্যাক্সি স্টার্টআপ

শরীয়ার কারণে ইন্দোনেশিয়ায় যেসব মুসলিম নারীর অনাত্মীয় পুরুষের সঙ্গে ভ্রমণের অনুমতি নেই, তাদের জন্য পুরুষ চালকওয়ালা মোটরসাইকেল-ট্যাক্সিতে চড়া দুরূহ। আর সেই সমস্যার সমাধানে নতুন ‘অন ডিমান্ড’ ট্যাক্সি সেবা নিয়ে এসেছে ওজেক সাইয়ারি নামের একটি প্রতিষ্ঠান। আর এটি কাজ করবে মোবাইল ফোননির্ভর অ্যাপ-এর সাহায্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

ইন্দোনেশিয়ায় মোটরসাইকেলভিত্তিক ট্যাক্সি সার্ভিস যথেষ্ট জনপ্রিয়। এই সেবাটি পরিচিত ওজেক নামে।

এই স্টার্টআপ প্রতিষ্ঠানটির ট্যাক্সি চালক হবেন হিজাব পরিধান করা মুসলিম নারী। প্রাথমিকভাবে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বন্দর-শহর সুরাবায়ায় এই সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। অনেক মুসলিম নারীর অভিযোগ তাদের চলাচলের জন্য যানবাহন সংখ্যা অত্যন্ত সীমিত— ওজেক সাইয়ারির বরাত দিয়ে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা এভিলিটা আদ্রিয়ানি বলেন, “মুসলিম নারীদের জন্য বিশেষ যানবাহনের সংখ্যা বাড়ানো উচিত। “ওজেক সাইয়ারি ইতোমধ্যেই রাজধানীসহ ৯টি শহরে এই বিশেষ ট্যাক্সিসেবা চালু করেছে। ভবিষ্যতে এর পরিধি বাড়বে”— আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ১৯ বছর বয়সী এই সহ-প্রতিষ্ঠাতা।

যাত্রীরা সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা তাদের নিজস্ব হটলাইনের মাধ্যমে ট্যাক্সি ডাকতে পারবেন। তবে প্রায় ২০০ মহিলা চালকের নিরাপত্তার স্বার্থে রাত ৮ টার পর এই সেবা পাওয়া যাবে না। শুধু মুসলিম নারীই নয় অমুসলিম নারীরাও এই ট্যাক্সি ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অ্যাপ বানাচ্ছে প্রতিষ্ঠানটি।

সর্বনিম্ন ৫ কিলোমিটার ভ্রমণের জন্য ৩০০০ ইন্দোনেশিয়ান রুপি বা মার্কিন ২০ সেন্ট খরচ করতে হবে যাত্রীকে। এই অর্থের ৩০ শতাংশ পাবে ওজেক সাইয়ারি আর বাকি অংশ পাবে চালক নিজে।