স্মার্টফোন ডেটা চায় ম্যানহাটন অ্যাটর্নি অফিস
জনগনের নিরাপত্তার স্বার্থে সরকারের হাতে স্মার্টফোনের ডেটা বিশ্লেষণের ক্ষমতা থাকা উচিত বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন অ্যাটর্নি অফিস। নিরাপত্তা নিশ্চিত করার জন্যই মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবং গুগলের অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের ডেটা বিশ্লেষণের অনুমতি চেয়েছে ওই অফিস। বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি করা হয়েছে।
এখন প্রায় সকল অপরাধ কর্মকাণ্ডের সাথেই স্মার্টফোন জড়িত। তাই এসব ফোনের ডেটা বিশ্লেষণ করে খুব সহজে অপরাধীদের সনাক্ত করা সম্ভব হবে। শুধু অপরাধীদের শনাক্ত করাই নয়, এর মাধ্যমে খুন, ধর্ষণ, ছিনতাইসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক কমানো যাবে বলেও ওই অ্যাটর্নির দাবি- এক প্রতিবেদনে জানায় বিবিসি।
ইতোপূর্বে বহুবার ডেটা বিশ্লেষণের অনুমতি চেয়ে অ্যাপল এবং গুগলকে চিঠি দিয়েছে ম্যানহাটন অ্যাটর্নি অফিস। কিন্তু তাদের এই আহবানে কোনো সাড়া দেয়নি ওই দুই প্রতিষ্ঠান। সম্প্রতি একটি মামলার তদন্তের স্বার্থে অ্যাপলের কাছে তথ্য চাওয়া হলে অ্যাপল তা নাকচ করে দেয়।
এ প্রসঙ্গে দেশটির নিরপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই এর প্রধান শেন ম্যাকগি বলেন, “আমার মনে হয় না গুগল বা অ্যাপল এই আহবানে সাড়া দেবে। এটা কোনো কাজে আসবে না। বরং এটি দেশটির বাণিজ্যে প্রভাব ফেলবে।” ড. যশ রাইটের মতে গুগল এবং অ্যাপলের কাছে তাদের এই চাওয়া বাস্তবিক অর্থে সম্ভব নয়।
