২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টা হ্যাকিংয়ের পরামর্শ মার্কিন সরকারকে

চীনা হ্যাকারদের হাতিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের ডেটা আবার হ্যাকিংয়ের মাধ্যমেই ফিরিয়ে আনার ব্যাপারে মার্কিন আইন প্রণেতাদের পরামর্শ দিয়েছে দেশটির ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড রিভিউ কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড রিভিউ কমিশন তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সরকারকে এ পরামর্শটি দিয়েছে।

কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের আক্রমণে হারিয়ে যাওয়া ডেটা পুনরুদ্ধার করা অথবা মুছে ফেলা সম্ভব। কারণ এরকম হ্যাকিং আক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত কোটি ডলার লোকসান হচ্ছে। এ ছাড়াও এভাবে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক গোপন তথ্য পেয়ে যাচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এ ধরনের সাইবার আক্রমণের পর আমেরিকা যে ব্যবস্থা নেয় তা যথেষ্ট নয় এবং যুক্তরাষ্ট্র এসব সাইবার এসপিওনাজ জাতীয় আক্রমণ ঠেকানোর জন্যও যথেষ্ট প্রস্তুত নয়।

তবে চীন বরাবরই যুক্তরাষ্ট্রে সাইবার এসপিওনাজ চালানোর বিষয়টি অস্বীকার করে আসছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত এ ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছেন দুই কোটি ২০ লাখেরও বেশি মার্কিন সরকারি কর্মকর্তা।

এ প্রসঙ্গে নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউর-এর নিরাপত্তা পরামর্শদাতা শন সালিভান বলেছেন, “প্রতিবেদনটি পড়ে আমার আমার মনে হয়েছে, কংগ্রেস যতোটা না হ্যাক ব্যাক ক্ষমতা চাইছে, তার চেয়েও বেশি চাইছে স্বচ্ছ্বতা। ওই স্বচ্ছ্বতার দোহাইয়ে বলা সম্ভব হবে, ‘এই হচ্ছে সীমানা- তুমি যদি এই সীমানা অতিক্রম কর, তাহলে তুমি এ ধরনের প্রতিশোধের শিকার হবে।’”

তবে এ ধরনের পদক্ষেপ নিলে সমস্যা হতে পারে বলেও জানিয়েছেন সালিভান। ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড রিভিউ কমিশনের ওই প্রতিবেদনটি বুধবার প্রকাশিত হবে বলেই জানিয়েছে বিবিসি।