উগ্রপন্থীদের প্রিয় অস্ত্র ‘টেলিগ্রাম’
উগ্রপন্থীরা কথোপকথন গোপন করতে চাইলেই বেছে নিচ্ছে টেলিগ্রাম অ্যাপ। কারণ টেলিগ্রামের দুই স্তরের এনক্রিপশনের আড়ালে তারা নিরাপদেই সেড়ে ফেলতে পারছে নানা ধরনের সন্ত্রাসী আলোচনা। আর তাই অ্যাপটি ‘জিহাদিদের নতুন আকর্ষণীয়’ বিষয়ে পরিণত হয়েছে বলেই জানিয়েছেন ফ্ল্যাশপয়েন্ট গ্লোবাল পার্টনার্সের গবেষণা প্রধান লেইথ আলখোউরি।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বার্লিনভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান টেলিগ্রাম-এর দাবি তাদের নির্মিত অ্যাপটি ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ মেসেজিং সেবার চেয়েও নিরাপদ ও দ্রুতগতিসম্পন্ন।
টেলিগ্রাম অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা নিরাপদে বন্ধুদের মেসেজ, ছবি ও ফাইল পাঠাতে, দুইশ’ সদস্যেরও বেশি জনের সঙ্গে গ্রুপ চ্যাট করতে এবং বিশেষ গোপনীয় চ্যাট অপশনের সাহায্যে এমন ফাইল, মেসেজ, ছবি এবং ভিডিও পাঠাতে পারেন যা পরবর্তীতে নিজ থেকেই নষ্ট হয়ে যাবে। আর মেসেজিং অ্যাপ সেবার এই সুযোগটিকেই নিজেদের জন্য ব্যবহার করছে আইএস।
অক্টোবরে রাশিয়ান বিমান ভূপাতিত করার ঘটনা থেকে শুরু করে শুক্রবার প্যারিস হামলার দায়ভার স্বীকারেও আইএস বেছে নিয়েছিল টেলিগ্রাম। অ্যাপটিতে থাকা আইএসের নিজস্ব চ্যানেল থেকে জানানো হয়েছিল, প্যারিসে হামলার ঘটনাটি হচ্ছে তাদের সৃষ্ট প্রথম ঝড়। আইএস-এর টেলিগ্রাম ব্যবহার প্রসঙ্গে আলখোউরি জানিয়েছেন, আইএস নিজস্ব টেলিগ্রাম চ্যানেল থেকে প্রতিদিন ১০ থেকে ২০টি বিবৃতি ও একটি ভিডিও ছেড়ে থাকে। যেহেতু টেলিগ্রাম নিজ গ্রাহকদের এনক্রিপশন প্রযুক্তির নিরাপত্তা সেবা দেয়, তাই এরকম কাজ করেও আইএস সন্ত্রাসীরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়।
আর তাই এনক্রিপশন প্রসঙ্গে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন, তিনি এনক্রিপশন সেবাকে একটি বাঁধা হিসেবেই দেখছেন।
