২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রূপে গুগল প্লাস

সামাজিক মাধ্যম গুগল প্লাস বন্ধ করে দেওয়ার বদলে প্ল্যাটফর্মটিকে আবার নতুন করে ডিজাইন করেছে ওয়েব জায়ান্ট গুগল। নতুন সাইটে ‘কালেকশনস’ এবং ‘কমিউনিটিস’-কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:19 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তেমন কোনো জোরালো প্রচারণা ছাড়াই ২০১১ সালের জুনে গুগল প্লাস যাত্রা শুরু করেছিল।

সম্প্রতি এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, “আজকে আমরা আপনাদের সম্পূর্ণ নতুন করে ডিজাইন করা গুগল প্লাসের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, যেটির সামনে এবং কেন্দ্রেই থাকছে কালেকশনস এবং কমিউনিটিস। আগ্রহকেন্দ্রিক এই নতুন গুগল প্লাস আরও অনেক বেশি সহজ এবং এটি আরও বেশি মোবাইলবান্ধব- আমরা এটি ওয়েব অ্যান্ড্রয়েড এবং আইওএসের ভিত্তিতে পুনরায় ডিজাইন করেছি, ফলে সেবাটি বড় বা ছোট যে স্ক্রিনেই ব্যবহার করুন না কেন, আপনি পাবেন আরও দ্রুতগতির সামঞ্জস্যপূর্ণ এক অভিজ্ঞতা।”

ভিন্ন আরেক পোস্টে গুগল জানিয়েছে, গুগল প্লাস নতুন করে ডিজাইনের সময় মতামত সংগ্রহের জন্য প্ল্যাটফর্মটি যারা ব্যবহার করতেন, তাদের সঙ্গে দেখা করেছেন তারা। গুগল প্লাসের ওই ব্যবহারকারীদের সঙ্গে তারা সময় কাটিয়েছেন, তাদের কাছ থেকে জেনেছেন, গুগল প্লাসের ঠিক কোন বিষয়গুলো তাদের ভালো লাগে। আর এভাবে তারা জানতে পেরেছেন গুগল প্লাস ব্যবহারকারীরা কেন এবং কীভাবে সেবাটি ব্যবহার করে থাকেন যা প্ল্যাটফর্মটির নতুন ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।    

গুগল প্লাস প্রথম যখন লঞ্চ করা হয়েছিল, সে সময় শীর্ষ সামাজিক মাধ্যম ফেইসবুকের মোট ৫০ কোটি ব্যবহারকারী ছিল। ফেইসবুক এখনও সামাজিক মাধ্যম হিসেবে শীর্ষ স্থানটি ধরে রেখেছে। অন্যদিকে নতুনভাবে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে গুগল প্লাস।