২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাপটপকে সত্যিই সড়াবে আইপ্যাড প্রো?

ল্যাপটপ বা কম্পিউটারকে সরিয়ে অ্যাপলের নতুন আনা আইপ্যাড প্রো জায়গা নেবে- সম্প্রতি অ্যাপল প্রধান টিম কুকের এমন মন্তব্যে আলোচনার ঝড় উঠে প্রযুক্তি বিশ্বে। কিন্তু আসলেই আইপ্যাড প্রো-এর এমন ক্ষমতা রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:14 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

কেউ যদি ল্যাপটপের কাজগুলো একটি পেন্সিলে দিয়ে করতে চান, তবে তাদের জন্য অ্যাপল পেন্সিল চমৎকার একটি আপগ্রেড। এই পেন্সিলে দিয়ে লেখার সময় অনেকটা বাস্তবে কাগজের লেখার অনুভূতি পাওয়া যায়। আর সেই সঙ্গে ৩ডি মডেলিং, পেইন্টিং আর ডিজাইনের সুবিধাতো থাকছেই। এই দিক থেকে আইপ্যাড প্রো- কে এগিয়ে রাখলেও মাউসের ব্যবহার, পূর্ণ সফটওয়্যার, একসঙ্গে অনেক কাজের সুযোগ- এমন কিছু ক্ষেত্রে আইপ্যাড প্রো ল্যাপটপের জায়গা নিতে পারবে না বলে মনে করছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ল্যাপটপ বা কম্পিউটার চালনায় এখনও ব্যবহারকারীদের কাছে মাউসের গুরুত্ব শেষ হয়ে যায়নি। কিন্তু আইপ্যাড প্রোতে তো আর মাউস ব্যবহারের সুযোগ নেই। অ্যাপলের কিবোর্ডে কিছু সাধারণ শর্টকাট থাকলেও, নেই কোনো ট্র্যাকপ্যাড। সাধারণত ল্যাপটপ ব্যবহারের সময় ব্যবহারকারীদের হাতের আঙ্গুলগুলো কিবোর্ড আর ট্র্যাকপ্যাডে সমানতালে চলে। আর একারণে কোনো কার্সার ছাড়া এটি ব্যবহার ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর হয়ে উঠবে।

আইপ্যাডের সব অ্যাপই আইপ্যাড প্রোতে চলবে। এমনকি অ্যাপলের নতুন স্টাইলাস অ্যাপল পেন্সিলের জন্য আপডেট করা অ্যাপগুলোও বাদ যাবে না। এ কারণে, আইপ্যাডে করা যায় এমন সবই আইপ্যাড প্রোতে করা সম্ভব হবে। কিন্তু ঝামেলা হচ্ছে ল্যাপটপের বদলে ব্যবহার নিয়ে। দুর্ভাগ্যবশত আইওএস অ্যাপগুলো পেশাদার কাজে ব্যবহার করা অ্যাপগুলোর মতো অতটা সক্ষম নয়। কোনো পেশাদার ফটোগ্রাফার যদি ল্যাপটপে অ্যাডোবি ফটোশপ দিয়ে তার ছবি সম্পাদনা করতে অভ্যস্ত হোন, তবে আইপ্যাড প্রোতে থাকা ফটোশপ দিয়ে কাজ করতে তার একটু বেগ পেতে হবে। এ কারণে, পেশাদার কাজে ল্যাপটপের জায়গায় আইপ্যাড প্রো যথেষ্ট হবে না।

আইওএসের সর্বশেষ সংস্করণে কার্যক্ষমতার দিক থেকে বিশাল অগ্রগতি আনা হয়েছে, আর আইপ্যাড প্রোতে আছে একসঙ্গে একাধিক কাজের সুযোগ। যদি কেউ একসঙ্গে দুটি অ্যাপ চালাতে যান বা কোনো কাজের সময় একটি ভিডিও দেখতে চান, তবে মূল্য আর সব দিক বিবেচনা করে আইপ্যাড প্রো একটি ভালো অপশন। কিন্তু, তারপরও অধিকাংশের কাছেই এটি ল্যাপটপের জায়গা নিতে পারবে না বলে মনে করছে সংবাদমাধ্যমটি।