সন্ত্রাসী পরিকল্পনায় ‘এনক্রিপশন’ প্রযুক্তি?
সম্প্রতি প্যারিসে হয়ে যাওয়া সন্ত্রাসী হামলা পরিকল্পনায় এনক্রিপশন মেসেজিং সেবা ব্যবহার করা হয়েছিল কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই বলেই জানিয়েছেন মার্কিন ও ফরাসী কর্মকর্তারা। তারপরেও সন্দেহ তালিকা থেকে রেহাই পায়নি এনক্রিপশন প্রযুক্তি।
এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্যারিসে সন্ত্রাসী আক্রমণের পর সন্দেহ করা হচ্ছে, হামলার পরিকল্পনার জন্য এনক্রিপশন সেবা ব্যবহার করেছিল সন্ত্রাসীরা।
সন্দেহ করার কারণ অবশ্য স্বয়ং আইএস। ওবামা প্রশাসন জানিয়েছে, আইএস বিগত দেড় বছর ধরে এনক্রিপশন সেবা ব্যবহার করছে। সাম্প্রতিক বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী হামলার পর, সেটির দায়ভার টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে স্বীকার করেছে চরমপন্থী এ সংগঠনটি। প্যারিসে সন্ত্রাসী হামলার পরেও টেলিগ্রামের মাধ্যমেই ইংরেজি, আরবি ও ফরাসী ভাষায় হামলার পেছনে তাদের হাত রয়েছে বলে জানিয়েছিল আইএস। কারণ টেলিগ্রাম, সিগনাল, উইকার এ ধরনের মেসেজিং অ্যাপগুলো বেশ শক্তিশালী এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে থাকে।
গ্রাহকদের প্রাইভেসি নিশ্চিত করতেই মূলত নিজ সেবায় এনক্রিপশন প্রযুক্তি যোগ করেছে মেসেজিং অ্যাপগুলো। কিন্তু প্রযুক্তিটির অপব্যবহার করা হচ্ছে বলেই ধারণা ও আশঙ্কা করছে বিভিন্ন দেশের সরকার। বিষয়টি এতটাই জটিল হয়ে উঠেছে যে, গত বছরের শেষের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এনক্রিপশন প্রযুক্তি সেবা বন্ধ করে দেওয়ার ব্যাপারে ভাবছেন বলে জানিয়েছিলেন।
অন্যদিকে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান জানিয়েছে, এনক্রিপশন সেবা বন্ধ করলে বিষয়টি ভালোর চেয়ে খারাপ ফলাফলই বেশি বয়ে আনবে। আর এতে করে গ্রাহক প্রাইভেসিও হুমকির সম্মুখীন হবে।
এ প্রসঙ্গে সিআইএ-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর মাইকেল মোরেল বলেছেন, “আমার ধারণা, আমরা প্রাইভেসি বনাম নিরাপত্তা নামের সম্পূর্ণ নতুন এক বিতর্কে জড়িয়ে পড়ছি।”
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্যারিস হামলার পরিকল্পনাকারীরা প্রযুক্তির বদলে যে সাক্ষাতে সম্পূর্ণ বিষয়টি পরিকল্পনা করেনি, সে অনুমানও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, ঠিক প্যারিস আক্রমণের আগে বেলজিয়ান কর্মকর্তারা জানিয়েছিলেন, সন্ত্রাসীরা পরিচয় গোপন ও পরিকল্পনার জন্য সনি গেইমিং কনসোল প্লেস্টেশন ৪ ব্যবহার করছে। কনসোলের বিভিন্ন অনলাইন যুদ্ধের গেইমের কথোপকথোনের আড়ালে নিজেদের আসন্ন পরিকল্পনার ছক আঁকছে সন্ত্রাসীরা। আর এতে চিহ্নিত হওয়ারও সম্ভাবনা থাকে না। কারণ এরকম গেইমে সাধারণত গেইমাররা এ ধরনেরই কথাবার্তা বলে থাকেন। আর তাই এ মাধ্যম থেকে সন্ত্রাসী চিহ্নিত করাটা এনক্রিপশন মেসেজিং থেকে চিহ্নিত করার চেয়েও কঠিন কাজ বলেই জানিয়েছিলেন বেলিজিয়ামের ফেডারেল সরাষ্ট্রমন্ত্রী জ্যান জাম্বোন।
তবে সন্ত্রাসীরা প্রযুক্তির ঠিক কোন মাধ্যমটি পরিকল্পনার জন্য ব্যবহার করছে, তা এখনও বুঝা সম্ভব না হলেও, এনক্রিপশন প্রযুক্তি যে হুমকির সম্মুখীন সে সম্পর্কে কোনো সন্দেহ নেই বলেই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
