অ্যান্টি-পাইরেসি মামলায় নিনটেনডোর জয়
সম্প্রতি ইতালির মিলানে স্বত্ত্বাধিকার ও নিরাপত্তা বিষয়ক মামলায় জিতেছে জাপানিজ ইলেকট্রনিক্স ও সফটওয়্যার প্রতিষ্ঠান নিনেটেনডো। কনসোল ও যন্ত্রাংশ আমদানিকারকের সঙ্গে চলমান ওই আইনি লড়াইয়ে নিনটেনডোর পক্ষেই রায় দিয়েছে দেশটির আদালত।
এক প্রতিবেদনে ব্রিটিশ সাময়িকী ওয়্যারড জানিয়েছে, মামলাটির মাধ্যমে প্রথমবারের মতো কোনো ‘ইউরোপিয়ান মেম্বার স্টেট’ আদালত, ইউরোপের সর্বোচ্চ আদালত ‘কোর্ট অফ ইউরোপিয়ান জাস্টিস অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন’-এর নির্দেশনা প্রয়োগ করল।
মিলানের এক বিশেষ মেধাস্বত্ত্ব সম্পদবিষয়ক আদালত নিনটেনডো ও আমাদানিকারকের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ওই মামলাটির রায় ঘোষণা করে। মামলা অনেকদিন যাবত চললেও নিনটেনডো জয়ের ব্যাপারে বরাবরই আশাবাদী ছিল বলেই জানিয়েছে ওয়্যারড।
মামলায় অভিযুক্ত পিসি বক্স এস.আর.১ এমন ডিভাইস বিক্রি করছিল যেগুলোতে সফটওয়্যারের অবৈধ কপি চালানো যেত। বিষয়টি নিনটেনডোর হার্ডওয়্যার মেধাস্বত্ত্বের নিরাপত্তা লংঘন করছিল বলেই জানিয়েছে ওয়্যারড। মামলায় অভিযুক্ত দাবী করেছিল, নিনটেনডো স্বাধীন সফটওয়্যার চালোনোর ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করতে চাচ্ছে। এ ছাড়াও তারা দাবি করেছিল, কোনোভাবেই তাদের ডিভাইসর মাধ্যমে নিনটেনডোর স্বত্ত্ব লংঘিত হচ্ছে না।
কিন্তু আদালত অভিযুক্তের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেনি। ফলে রায়ে আদালত জানিয়েছে, নিনটেনডোর নিরাপত্তা ব্যবস্থা সঠিক অবস্থানেই রয়েছে, যার কারণে বিষয়টি ইতালিয়ান স্বত্ত্বাধিকার আইন দ্বারাও নিরাপদ।
রায়ের পর নিনটেনডোর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ভক্তদের অনুরোধ জানানো হয়েছে, তারা যাতে অর্থ খরচ করে এ ধরনের ডিভাইস কিনে পাইরেসিকে উৎসাহিত না করেন এবং এরকম অবৈধ ব্যবসা করা থেকে বিরত থাকেন।
