কোডিং শেখাবে ‘মাইনক্রাফট’!
শিশুদের কোডিং শেখার বিষয়টি আরও সহজ করতে সম্প্রতি হাত মিলিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ও কোড ডটঅর্গ। যৌথ উদ্যোগের ওই প্রকল্পে মাইনক্রাফট গেইম খেলার মাধ্যমে শিশুরা কোডিং সম্পর্কে জানতে ও শিখতে পারবে। তবে বিষয়টি শুধু শিশুদের জন্য সীমাবদ্ধ নয়, চাইলে বড়রাও যোগ দিতে পারবেন।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, সোমবার এক আনুষ্ঠানিক ঘোষণায় মাইক্রোসফট কোড ডটঅর্গ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হবার বিষয়টি জানায়।
২৫০ কোটি ডলারের বিনিময়ে ২০১৪ সালেই মাইনক্রাফট গেইমের নির্মাতা সুইডিশ প্রতিষ্ঠান ‘মোজাং’ কিনে নিয়েছিল মাইক্রোসফট। বর্তমানে বিশ্বে মাইনক্রাফটের গেইমার সংখ্যা ১০ কোটি। সিনেট জানিয়েছে, ২০০৯ সালে রিলিজ পাওয়া মাইনক্রাফট গেইমটির তেমন কোনো স্টোরিলাইন নেই। গেইমাররা গেইমটিতে নিজস্ব জগত তৈরি করে এবং চাইলে অন্যদের তৈরি জগতগুলো ঘুরতে পারে। কিন্তু কোড শেখানোর লক্ষ্যে নতুন করে মাইনক্রাফটের একটি মডিউল তৈরি করা হয়েছে।
জানিয়ে রাখা ভালো, নতুন মডিউলটি হচ্ছে কোড ডটঅর্গের তৃতীয় বার্ষিক আওয়ার অফ কোডের অংশবিশেষ। গেইমটির এ নতুন মডিউল খেলার জন্য গেইমারদেরকে প্রথমে ‘আওয়ার অফ কোড মাইনক্রাফট’-এ সাইন আপ করতে হবে। তারপর গেইম খেলার মাধ্যমে তারা শিখতে পারবেন কীভাবে কোড ব্যবহার করে গেইমের প্রধান দুই চরিত্র স্টিভ ও অ্যালেক্সকে তৈরি করা সম্ভব। পাশাপাশি কোডের সাহায্যে গেইমাররা মাইনক্রাফট জগতে নানাবিধ অভিযানও চালাতে পারবেন।
এ উদ্যোগ প্রসঙ্গে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা এক বিবৃতিতে বলেছেন, “আমাদের লক্ষ্য হচ্ছে, মাইনক্রাফট এবং কোড ডটঅর্গের সাহায্যে পরবর্তী প্রজন্মের মধ্যে এমন সৃজনশীলতার ঝলক সৃষ্টি করা যা একইসঙ্গে স্বাভাবিক, সহযোগিতামূলক এবং আনন্দদায়ক।”
মাইনক্রাফটের নতুন মডিউলে মোট ১৪টি কোডিং চ্যালেঞ্জ সিরিজ রয়েছে এবং মডিউলটি ইতোমধ্যে লঞ্চ হয়েছে বলেই জানিয়েছে সিনেট।
