২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলা যাবে না বছরসেরা শব্দটি

প্রতি বছরের মতো এবারও ইংরেজি ভাষায় নতুন ধারা যোগ করেছে এমন বিবেচনায় বছরের সেরা শব্দ 'ওয়ার্ড অফ দ্যা ইয়ার' ঘোষণা করেছে অক্সফোর্ড ডিকশনারি। কিন্তু এবারের শব্দটি উচ্চারণ করে পড়া সম্ভব নয়। শব্দ আবার বলা যাবে না কেন?- এমন প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক। উত্তরটাও খুব জটিল কিছু নয়, কারণ এবারের 'ওয়ার্ড অফ দ্যা ইয়ার ২০১৫' হিসেবে ঘোষণা করা হয়েছে একটি ইমোজিকে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হরহামেশাই এই ইমোজি ব্যবহার হয়ে থাকে। হলুদ রঙের একটি মুখের কার্টুন, সঙ্গে অট্টহাসি আর দুই চোখে দুটি বড় অশ্রুর ফোঁটা। হাসতে হাসতে চোখে জল এসে পড়েছে- এমনটাই বুঝানো হয় এই ইমোজি দিয়ে।

এক বিবৃতিতে অক্সফোর্ড ডিকশনারির প্রেসিডেন্ট ক্যাসপার গ্র্যাথভোয়েল বলেন, "আপনারা দেখতে পাবেন একবিংশ শতাব্দীর যোগাযোগ ক্ষেত্রে দ্রুত ছুটে চলা ভিজুয়াল চাহিদার যোগান দিতে প্রচলিত বর্ণ ব্যবহারে বানানো শব্দগুলোকে কষ্ট করতে হচ্ছে। এই খালি জায়গা পূরণে ইমোজির মতো পিক্টোগ্রাফিক শব্দ আনাটা আশ্চর্যজনক নয়।"

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইমোজির মানদণ্ড নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইউনিকোড কোনসোরটিয়ামের সূত্রমতে এই ইমোজির নাম 'ফেইস উইথ টিয়ার্স অফ জয়', যার বাংলা মানে দাঁড়ায় 'আনন্দে অশ্রুসিক্ত মুখ'। ডিভাইস বা মাধ্যমভেদে ২০১০ সালে বের করা এই ইমোজির এখন অনেকগুলো রূপ রয়েছে।

বর্তমানে ১ হাজারেরও বেশি ইমোজি প্রচলিত থাকলেও, অক্সফোর্ডের হাতে একটি ইমোজিকেই বেছে নেওয়া সুযোগ ছিল। নতুন আসা ইমোজিগুলোর মধ্যে একটি ইউনিকর্নের ইমোজি বেশ আলোচিত ছিল। আর সবচেয়ে পুরনো ইমোজিগুলোর মধ্যে ছিল লাল রঙের একটি হার্ট সাইন। 

সেরা ইমোজি খুঁজতে একটি ইমোজি কিবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান সুইফটকি- এর সঙ্গে যৌথভাবে কাজ করে অক্সফোর্ড ডিকশনারি। চলতি বছর সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজি হিসেবে পাওয়া যায় 'ফেইস উইথ টিয়ার্স অফ জয়'। ব্যবহৃত সব ইমোজির মধ্যে যুক্তরাষ্ট্রের ১৭ শতাংশ আর যুক্তরাজ্যের ২০ শতাংশই ছিল এর দখলে।

২০১৪ সালে 'ভেইপ' আর ২০১৩ সালে 'সেলফি'কে 'ওয়ার্ড অফ দ্যা ইয়ার' হিসেবে ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।