২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের মুখে অ্যাপল-আমাজন চুক্তি

অডিওবুক কেনা বিষয়ে ইকমার্স জায়ান্ট আমাজনের সঙ্গে টেক জায়ান্ট অ্যাপলের চুক্তি নিয়ে তদন্ত শুরু করছে জার্মানির বাজার প্রতিযোগিতাবিষয়ক পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফেডারেল কার্টেল অফিস। ব্যবহারকারীদের অ্যাপলের আইটিউনস স্টোর থেকে আমাজনের অডিওবুক কেনার সুবিধা দিতে প্রতিষ্ঠানদুটির মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

কার্টেল অফিস প্রধান অ্যান্ড্রিয়াস মান্ড এক বিবৃতিতে বলেন, “জার্মানিতে অডিওবুকের ডিজিটাল বাজারে এই দুই প্রতিষ্ঠানের একটি শক্ত অবস্থান রয়েছে। এ কারণে অডিওবুকের বিষয়ে দুই প্রতিযোগীর মধ্যে হওয়া চুক্তি নিয়ে বিস্তারিতভাবে পরীক্ষা করতে আমরা বাধ্য হচ্ছি।"

অ্যাপল আর অ্যামাজনের ইউনিট অডিবল, কেউই এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। অডিবল হচ্ছে অ্যামাজনের একটি অনলাইন অডিওবুক স্টোর।

চলতি বছর সেপ্টেম্বরে জার্মানির অডিও বই বাজারে অ্যামাজন আর অ্যাপল একচেটিয়া ব্যবসার চেষ্টা চালাচ্ছে বলে পর্যবেক্ষকদের কাছে অভিযোগ আনে দেশটির বই বিক্রেতা সংস্থা। অডিও বইয়ের প্রচারণায় নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে অ্যামাজন আর অডিবল প্রকাশকদের ‘অযৌক্তিক শর্ত’ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

তারা আরও জানান, জার্মানিতে মোট ডাউনলোড হওয়া অডিও বইগুলোর মধ্যে ৯০ শতাংশই অডিবল, অ্যামাজন বা আইটিউনস স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে।

চলতি বছর জুনে অ্যামাজনের ই-বুক ব্যবসা নিয়ে তদন্ত শুরু করে ইউরোপিয়ায়ন কমিশন।