অ্যাইপ্যাড প্রো-তে দ্বিমত ওজনিয়াকের
নতুন আইপ্যাড প্রো থাকলে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের আর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন অ্যাপল প্রধান টিম কুক। কিন্তু অ্যাপল প্রধানের সঙ্গে একমত নন কেউ কেউ।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নিউ রেলিক-এর আয়োজনে অনুষ্ঠিত এক সম্মেলনে টিম কুকের প্রচারণার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। নিজেকে ‘একজন ল্যাপটপ প্রিয় মানুষ’ হিসেবেই আখ্যা দিয়েছেন তিনি। ল্যাপটপের নানামুখী ব্যবহারের সঙ্গে তুলনা করলে ট্যাবলেট তার জন্য ‘সীমিত’ বলে উল্লেখ করেন ওজনিয়াক।
অন্যদিকে নতুন অ্যাইপ্যাড প্রো কেন পছন্দ তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টারনেট সফটওয়্যার আর সার্ভিস বিভাগের প্রধান এডি কিউ বলেন, “আই কনজিউম মোর দ্যান আই ক্রিয়েট”।
এডি কিউয়ের বক্তব্য সরাসরি না হলেও টিম কুকের বক্তব্যের বিপরীত মুখী। কুক যেখানে নতুন আইপ্যাড প্রো’র প্রচরণা চালাচ্ছেন নতুন ‘প্রোডাক্টিভিটি টুল’ হিসেবে, সেখানে এডি কিউয়ের কাছে ডিভাইসটি যেন অনেকটাই বিনোদনমুখী ভোগ্য পণ্য।
সিনেট জানিয়েছে, আদতে আইপ্যাডের বিক্রি বাড়ানোর জন্য যেভাবে প্রচারণা চালানো প্রয়োজন তাই করছেন কুক। প্রতি বছর অ্যাপলের ট্যাবলেটের বিক্রি ২০ শতাংশ হারে কমছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য কুক সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছে সিনেট।
অ্যাপল ওয়াচ নিয়েও খুব একটা সমর্থন জানাননি ওজনিয়াক। মাঝে মধ্যে তিনি এটি পরতে ভুলে গেলে, ‘একদমই মিস’ করেন না বলে জানান তিনি। যদিও এটি উন্নত হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। তবে কীভাবে তিনি এর উন্নতি দেখছেন তা নিয়ে কিছু পরিষ্কার করেননি।
