২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আধিপত্য বিস্তারে গাড়ি নির্মাতাদের লড়াই

বাজারে নিজেদের আধিপত্য সৃষ্টি করতে খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের গাড়িতে একের পর এক নতুন ফিচার যোগ করে চলেছে। মজার বিষয় হচ্ছে, এর অধিকাংশই স্বয়ংক্রিয় ‘সেলফ ড্রাইভিং’ গাড়িতে যেমন ফিচার থাকতে পারে, অনেকটাই তেমন। স্বয়ংক্রিয় গাড়ির ক্ষেত্রে নিয়ন্ত্রকদের মনে যে শঙ্কা রয়েছে, তা ওই ফিচারগুলো দূর করবে এমনটাই আশা করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 12:46 AM

Updated : 22 Aug 2022, 01:57 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রাংকফুর্ট অটো শো’তে সম্প্রতি নিজেদের গাড়ির জন্য নতুন আরেকটি ফিচার উন্মোচন করেছে ফোর্ড মোটর কোম্পানি লিমিটেড।

ফোর্ডের অ্যাক্টিভ স্পিড লিমিটার নামের ফিচারের সাহায্যে চালকরা গাড়ি চালনার বিভিন্ন বিষয় আগে থেকেই ঠিক করে রাখতে পারবেন। ইন-কার ক্যামেরা এবং সফটওয়্যার রাস্তার নানা চিহ্ন চিহ্নিত করে জানিয়ে দেবে গাড়ির গতি বাড়বে নাকি কমবে। ইউরোপে ফিচারটির সুবিধা নিতে পারলেও, রাস্তার চিহ্ন ভিন্ন হওয়ায় যুক্তরাষ্ট্রের এই ফিচারটির সুবিধা নিতে পারবেন না চালকরা।

এ ধরনের ফিচারগুলো ‘সেমি-অটোনমাস’ ফিচার নামেই পরিচিত। শুধু ফোর্ড নয় বিএমডব্লিইউ, হোন্ডা, হিউন্দাই থেকে শুরু করে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বর্তমানে নিজেদের নতুন গাড়িতে এমন ফিচার যোগ করছে এবং ফিচারগুলোতে সময়ের সঙ্গে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেই জানিয়েছে রয়টার্স।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর আশা, এসব সেমি-অটোনোমাস ফিচার নিয়ন্ত্রকদের মন থেকে স্বয়ংক্রিয় গাড়ির সব ধরনের শঙ্কা দূর করতে সক্ষম হবে। গাড়িতে এসব ফিচার ব্যবহার প্রসঙ্গে ডেলোয়েট টুশে টোমাটসুর বৈশ্বিক অটোমোটিভ কনসাল্টিং  প্রধান জোসেফ ভিটালি জুনিয়র বলেন, “যেসব ফিচার গাড়ি চালানোকে সহজ, নিরাপদ ও আরও মজার করে মানুষ সেগুলো পছন্দ করে। এখন প্রশ্ন হচ্ছে ক্রেতারা এসব ফিচারের জন্য বাড়তি অর্থ খরচ করবেন কিনা।”