অনুভূতি চিহ্নিত করবে সফটওয়্যার
কারও চেহারা দেখে তার মানসিক অবস্থা আঁচ করা বা মনের অনুভূতি বুঝতে পারা হয়তো খুব একটা কঠিন কাজ নয় অপর মানুষের জন্য। কিন্তু আর ১০ জন মানুষের জন্য ‘সহজ’ এই কাজটি রোবট বা কম্পিউটারের জন্য এখন পর্যন্ত নাগালের বাইরেই রয়ে গেছে বললে ভুল বলা হবে না। আর সেই ‘অসম্ভবকেই সম্ভব’ করার চেষ্টা করছে মাইক্রোসফট।
সম্প্রতি এক ব্লগ পোস্টে মানুষের অনুভূতি চিহ্নিত করতে সক্ষম এমন সফটওয়্যার নির্মাণের প্রকল্প ‘প্রজেক্ট অক্সফোর্ড’ নিয়ে নতুন অগ্রগতির ব্যাপারে জানিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
প্রজেক্ট অক্সফোর্ড-এর অংশ হিসেবে নতুন একটি সফটওয়্যার টুল উন্মুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি— রাগ, ভয়, আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, বিরক্তিসহ মানুষের আট রকম অনুভূতি আলাদা আলাদা চিহ্নিত করতে পারবে নতুন ওই সফটওয়্যার টুলটি।
প্রজেক্ট অক্সফোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে মাইক্রোসফটের ওই ‘ইমোশন-ডিটেক্টিং টুল’-এর ডেমো সংস্করণের কার্যক্ষমতা যাচাই করে দেখতে পারেন আগ্রহীরা। তবে এই টুলটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং সব সময় এর ফলাফল সঠিক হয় না বলে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
“মাইক্রোসফটের নিজস্ব পণ্যে ব্যবহারের পাশাপাশি ওই সফটওয়্যার টুলগুলোর সিংহভাগই ডেভেলপারদের জন্য নির্মিত। যাদের হাতের নাগালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি বা বিশেষজ্ঞ নেই কিন্তু অ্যাপে ব্যবহারকারীর বক্তব্য, দৃষ্টিভঙ্গি ও ভাষা বোঝার ক্ষমতা যোগ করতে চান, তাদের জন্য।”—এভাবেই এক ব্লগ পোস্টে নিজেদের লক্ষ্য ব্যাখ্যা করেছে মাইক্রোসফট।
এর আগে ব্যবহারকারীর বয়স নির্ধারণের সফটওয়্যার টুল তৈরি করেছিল মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
