২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমের জন্য দরকার ‘বেড মোড’

ফোন, ট্যাবলেট আর ই-রিডারকে ঘুম নষ্টের কারণ হিসেবে দেখছেন শিশুদের ঘুমবিষয়ক বিশেষজ্ঞরা। এ কারণে এসব ডিভাইসগুলোতে রাতের জন্য ‘বেডটাইম মোড’ থাকা উচিত বলে মনে করছেন তারা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যের শিশু হাসপাতাল এভেলিনা লন্ডনের শিশুদের ঘুমসংক্রান্ত ওষুধ বিভাগের ড. পল গ্রিনগ্রাসের নেতৃত্বে সম্প্রতি পরিচালিত এক গবেষণায় ওই মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন ওই গবেষণার তথ্য অনুযায়ী, আইফোন, আইপ্যাড আর কিন্ডল-এর মতো ডিভাইসগুলো থেকে আসা নীল আলো ঘুম ও কার্য্যক্ষমতার ব্যাঘাত ঘটায়।

কিন্ডল-এর আগের সংস্করণগুলোতে থেকে নীল আলোর ব্যাকলাইট না থাকলেও, নতুন কিন্ডল পেপারহোয়াইট-এর ফার্স্ট জেনারেশনে এটি আছে পরীক্ষায় দেখা যায়।

মেলাটোনিন হচ্ছে সেই হরমোন যা প্রতি রাতে মানুষকে ঘুমানোর কথা মনে করিয়ে দেয়। আর ওই বিশেষ আলো এই হরমোনকে দমিয়ে রাখে। এ কারণে ঘুম নষ্ট হয়। আর ঘুমের মতো শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা পরায় আমাদের কর্মক্ষমতাও প্রভাবিত হয়।

সাধারণ কোনো টেবিল ল্যাম্প বা এমন কিছু হলুদ আলোয় কাগজের বই পড়লে, তা শরীরে কোনো প্রভাব ফেলে না। গবেষকরা বলেন, “সেই তুলনায়, একই বই ইলেকট্রনিক ফরম্যাটে পড়লে তা ভিন্ন আলোক সংকেত দেয় যা শরীরে প্রভাব ফেলে।”

বয়োজ্যেষ্ঠ বা শিশুরা ডিজিটাল ডিভাইসগুলো শোয়ার ঘরের বাইরে রেখে এধরনের নেতিবাচক প্রভাব থেকে রেহাই পেতে পারেন। এছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে ফ্লাক্স (F.lux)- এর মতো অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এই অ্যাপ সময় ও জায়গাভেদে ডিসপ্লে’র রঙ বদলে দিতে পারে।

এক্ষেত্রে স্ক্রিনের আলো ঠিক করার জন্য নির্মাতাদের এগিয়ে আসার দিকে জোর দেন গবেষকরা। তারা বলেন, “সব হার্ডওয়্যার ডিভাইসে একটি স্বয়ংক্রিয় ‘বেডটাইম মোড’ রাখা উচিত, যা আলো কমতে থাকার সঙ্গে মিল রেখে নীল আর সবুজ আলোক নিঃসরণ বদলে হলুদ আর লাল নিঃসরণ শুরু করবে।”

“ডিভাইস নির্মাতাদের আরও দায়িত্বশীল হওয়া উচিৎ”— মন্তব্য করেন ড. গ্রিনগ্রাস।

“প্রযুক্তির উন্নতির সঙ্গে ‘উজ্জলতা’-ই সবসময় ‘উন্নত’-এর প্রতিশব্দ হবে না বলে আমরা মনে করি”- এমনটাই বলেছেন গবেষকরা।