প্রেমে বিচ্ছেদ চাইলে ১০ ডলার!
কারও সঙ্গে সম্পর্ক রাখতে না চাইলে অনেকের জন্যই সেই মানুষটিকে তা সরাসরি বলা কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই এমন কেউ যদি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চান তবে ১০ ডলারের বিনিময়ে ‘ব্রেকআপ’-এর কঠিন কাজটি তার হয়ে করে দেবে কানাডিয়ান ওয়েবসাইট ‘দ্য ব্রেকআপ শপ’!
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, তিনটি উপায়ে কাজ করবে ব্রেকআপ শপ। সম্পর্ক ভাঙার বার্তা টেক্সট মেসেজের মাধ্যমে জানাতে ১০ ডলার, ফোন কলের ক্ষেত্রে ২৯ ডলার আর চিঠির মাধ্যমে পাঠালে ৩০ ডলার খরচ করতে হবে।
‘ব্রেকআপ’ ফোন কলের স্থায়ীত্ব হবে এক মিনিট। যিনি সম্পর্ক ভাঙছেন তিনি ধৈর্য্য ধরতে না পারলে এক দিনের মধ্যেই ফোন কল করবে ব্রেকআপ শপ। তবে বাড়তি ১০ ডলার খরচ হবে তাতে। আর ধৈর্য্য ধরলে ফোন কলটি যাবে ৩ দিনের মধ্যে।
শুধু সম্পর্ক ভাঙাই নয়, সেই সঙ্গে আগের সঙ্গী বা সঙ্গিনীকে উপহার পাঠানোর জন্য রাখা হয়েছে ‘গিফটস ফর এক্সেস’ পেইজ। ৮০ ডলারের বিনিময়ে শিগগিরই ‘সিঙ্গল’ হতে যাওয়া সঙ্গী বা সঙ্গিনীকে পাঠানো যাবে ‘ব্রেকআপ গিফট প্যাক’। এই গিফট প্যাকে থাকবে কল অফ ডিউটি বা দ্য নোটবুকের ব্লু-রে কপি, ৩০ ডলারের নেটফ্লিক্স গিফট কার্ড আর এক বক্স চিপস, আর সহানুভূতি জানিয়ে হাতে লেখা চিঠি।
কতটা কাজ করে নতুন এই সেবা? প্রশ্নের উত্তর জানতে প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার নাটক করেছিলেন এক সংবাদকর্মী।
প্রেমিকার সঙ্গে সম্পর্ক ‘শেষ’ করতে ৩০ ডলারের ফোন কল করার সেবা বেছে নেন তিনি। সঙ্গে প্রতিষ্ঠানটিকে কারণও ব্যাখ্যা করে দিয়েছিলেন। কিন্তু বিধিবাম, সেই কারণ না বলে প্রেমিকাকে জানানো হয়, তিনি তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছেন বলে প্রেমিক সম্পর্ক রাখতে চান না। তবে শেষ পর্যন্ত তার সঙ্গে যে রসিকতা চলছে সেটা নাকি ঠিকই ধরে ফেলেছিলেন ওই প্রেমিকা।
