ফলআউট ৪-এ নতুন বাগ
ওপেন-ওয়ার্ল্ড রোল-প্লেয়িং গেইম ‘ফলআউট ৪’-এ গুরুতর সফটওয়্যার বাগ আবিষ্কার করেছেন এর গেইমাররা। গেইমটিতে একটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে কোনো এরর মেসেজ ছাড়াই পুরো গেইম ক্র্যাশ করছে বলে অভিযোগ তুলেছেন গেইমারদের অনেকে।
গেইমিংবিষয়ক সাইট গেইমস্পট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, জনপ্রিয় গেইমটির ওই বাগের ভুক্তভোগী অনেকেই অভিযোগ জানাতে বেছে নিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান বেথেসডা গেইম স্টুডিওর ফোরামকে। গেইমে ‘মোজিগনর প্লাজা’-এর দিকে যাত্রা শুরু করলেই গেইমটি ক্র্যাশ করছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এই প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি নির্মাতা বেথেসডা গেইমস স্টুডিও।
গেইমটির পিএস৪, এক্সবক্স ওয়ান এবং পিসি সংস্করণে সফটওয়্যার বাগটির উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে গেইমস্পট ডটকম। এর আগেও গেইমটির একাধিক বাগের ব্যাপারে জানিয়েছিলেন গেইমারারা। তবে তার কোনোটাই এবারের বাগটির মতো গুরুতর ছিল না বলে জানিয়েছে গেইমস্পট।
এক্সবক্স ওয়ান এবং পিএস ৪ গেইমিং কনসোল সহ ফলআউট ৪-এর পিসি সংস্করণের আনুষ্ঠানিক অভিষেক হয়েছে ১০ নভেম্বর। প্রথম দিনেই গেইমটির ১ কোটি ২০ লাখ কপি বিক্রি করেছে বেথেসডা। সেদিন এক্সবক্স লাইভ আর প্লেস্টেশন নেটওয়ার্কের একাধিক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিল ফলআউট ৪।
গেইমিং জগতের সমালোচকদের প্রশংসাও পেয়েছিল ফলআউট ৪।
