২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেইফটি চেক’-এর ব্যবহার বাড়াবে ফেইসবুক

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবিক দুর্যোগের মতো সব প্রয়োজনের সময় ‘সেইফটি চেক’ টুল চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 07:10 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সর্বশেষ ফ্রান্সে সন্ত্রাসী হামলার সময় ‘সেইফটি চেক’ টুল চালু করেছে ফেইসবুক। কিন্তু ঠিক একদিন আগে বৈরুতে বোমা হামলার ঘটনায় ‘সেইফটি চেক’ টুল চালু না করায়, ব্যবহাকারীদের ব্যাপক সমালোচনার মুখে পরেছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি।

ওই সমালোচনার মুখেই জাকারবার্গ ফেইসবুকের সফটওয়্যার টুলটির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট ডটকম।

শুক্রবার ফ্রান্সের একাধিক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনার সময় ‘সেইফটি চেক’ টুল চালু করে ফেইসবুক। ওই ঘটনায় নিহত হয়েছেন ১শ’রও বেশি মানুষ। আহত হয়েছেন তিন শতাধিকের বেশি।

‘সেইফটি চেক’ স্বয়ংক্রিয়ভাবে দুর্যোগ আক্রান্ত এলাকায় অবস্থানকারীদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে তারা নিরাপদ আছেন কি না জানতে চায়। ব্যবহারকারী ‘ইয়েস, লেট মাই ফ্রেন্ডস নো’ বাটনে চাপলে ওই ব্যক্তির ফেইসবুক বন্ধুদের কাছে নোটিফিকেশন চলে যায় যে নিরাপদে আছেন ওই ব্যক্তি।

প্যারিসের ঘটনায় ৪০ লাখেরও বেশি ফেইসবুক ব্যবহারকারী এই সেবাটি ব্যবহার করে নিজেদের অবস্থা প্রকাশ করেছেন।

প্যারিসে সন্ত্রাসী হামলার পর ‘সেইফটি চেক’ টুল চালু করার পাশাপাশি ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানানোর জন্য ফ্রান্সের পতাকার রঙে ব্যবহারকারীদের প্রোফাইল পিকচার বদলানোর টুল চালু করে ফেইসবুক। কিন্তু ঠিক একদিন আগে বৈরুতে জঙ্গী সংগঠন আইএসের আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কোনো পদক্ষেপ না নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পরে ফেইসবুক।

বৈরুতে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে, আহত হয়েছে ২শ’র বেশি মানুষ।