সিঙ্গাপুরে অ্যাপল স্টোর
সিঙ্গাপুরে নিজেদের পণ্য বিক্রয়কেন্দ্র খুলতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। এটিই হবে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে প্রতিষ্ঠানটির প্রথম বিক্রয়কেন্দ্র।
ইতোমধ্যে সিঙ্গাপুরের বিক্রয়কেন্দ্রের জন্য অ্যাপল কর্মী নিয়োগ দেওয়া শুরু করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। সিঙ্গাপুরে অ্যাপল স্টোর চালু করার খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির রিটেইল অ্যান্ড অনলাইন স্টোরস বিভাগের প্রধান এবং অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা অ্যারেন্ডটস। তিনি বলেন, “আমাদের সিঙ্গাপুর কন্টাক্ট সেন্টারে ৯শ’র বেশি দক্ষ কর্মী কাজ করছেন, আর এই চমৎকার আন্তর্জাতিক শহর আর কেনাকাটার জায়গায় আমাদের প্রথম অ্যাপল স্টোর খুলতে কর্মী নিয়োগ শুরু করে আমরা আনন্দিত।”
দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিভিন্ন শহরে স্যামসাং ও চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একাধিক বিক্রয়কেন্দ্র রয়েছে।
রয়টার্সের বরাত দিয়ে সাইটটি জানায়, সিঙ্গাপুরে অ্যাপলের এই পুরো প্রকল্পে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ আর চীনের বিক্রয়কেন্দ্রগুলোতেও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে অ্যাপল।
কোথায়, কবে ওই বিক্রয়কেন্দ্র চালু করা হবে তা নিয়ে কিছু নিশ্চিত করেনি অ্যাপল। তবে সিঙ্গাপুরের নাইটসব্রিজ এলাকায় ইতোমধ্যে প্রতিষ্ঠানটি কিছু জায়গা নিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর সূত্রমতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৫০ কোটিরও বেশি মানুষের বসবাস। তবে এ বাজারের কতটুকু প্রকৃতপক্ষে অ্যাপলের হাতে রয়েছে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।
