কিকস্টার্টারে সফল ‘ফ্রাইডে দ্য থার্টিন’
নভেম্বরের ১৩ তারিখটি ছিল শুক্রবার। আর ওই দিনেই শেষ হয়েছে হলিউডি হরর সিনেমা ‘ফ্রাইডে দ্য থার্টিন’-এর গল্প অবলম্বনে ভিডিও গেইম তৈরির জন্য পরিচালিত কিকস্টার্টার ক্যাম্পেইন। ক্যাম্পেইনে শুধু তহবিল অর্জনের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনই করেনি গেইমটির নির্মাতা, অ্যাকাউন্টে জমা হয়েছে বাড়তি এক লাখ ডলার।
গেইমিংবিষয়ক ওয়েবসাইট গেইমস্পট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৭ লাখ ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে কিকস্টার্টারে ক্যাম্পেইন শুরু করেছিল ‘ফ্রাইডে দ্য থার্টিন’ গেইম নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া ডেভেলপার প্রতিষ্ঠান গান মিডিয়া। ক্যাম্পেইন শেষে নির্মাতাদের তহবিলে জমা হয়েছে মোট ৮ লাখ ২৩ হাজার মার্কিন ডলার।
এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন ৪ এবং পিসির জন্য তৈরি হবে ‘ফ্রাইডে দ্য থার্টিন’ মাল্টিপ্লেয়ার গেইম। এতে একজন গেইমার নিয়ন্ত্রণ করবেন সিরিয়াল কিলার ‘জেসন ভুরহেস’-এর চরিত্রটি। আর বাকি ৭ জন গেইমার নিয়ন্ত্রণ করবেন ৭ জন কাউন্সিলরের চরিত্র। জেসন ভুরহেস-এর কাছ থেকে বাঁচার চেষ্টা করবেন ওই ৭ গেইমার।
গেইমটি নির্মাণের ক্ষেত্রে ‘ফ্রাইডে দ্য থার্টিন’ ফ্র্যাঞ্চাইচ নির্মাতা শন কানিংহ্যামের সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান গান মিডিয়া।
২০১৬ সালের অক্টোবর মাসে ‘ফ্রাইডে দ্য থার্টিন’-এর এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন ৪ এবং পিসি সংস্করণ একযোগে বাজারজাত করার কথা রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির।
