২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আইফোনের মতো হুয়াওয়ের স্মার্টফোন

সম্প্রতি আইফোন ৬ এর সঙ্গে মিল রেখে এইচটিসি তাদের নতুন স্মার্টফোন এইচটিসি ওয়ান এ৯ বের করেছে বলে ভালোই আলোচনা চলে। এবার হয়তো সেই আলোচনায় নাম লেখাচ্ছে চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 08:20 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

প্রযুক্তি সাইট টেকট্রি জানিয়েছে, চীন আর এর দক্ষিণ-পূর্ব এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। অনেকটা অ্যাপলের আইফোন ৫এস-এর মতো দেখতে হলেও, সামনের ২.৫ ডি গ্লাসটি ফোনটিতে যোগ করেছে নতুন মাত্রা।

অ্যান্ড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেমে চালিত জি৭ প্লাস নামের এই স্মার্টফোনে আনা হয়েছে হুয়াওয়ে'র ইমোশন ইউআই স্ক্রিনিং ব্যবস্থা।

৫.৫ ফুল এইচডি (১৯২০X১০৮০ পিক্সেল) ডিসপ্লের এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্টজের অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ ৬৪-বিট চিপসেট। ৩ জিবি র‌্যামের  সঙ্গে রাখা হয়েছে ৩২ জিবি স্টোরেজ, আর এই স্টোরেজ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। স্মার্টফোনটিতে থাকছে ১৩ মেগাপিক্সেলের ওআইএসসহ একটি পেছনের ক্যামেরা আর সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। সেই সঙ্গে ৪জি/এলটিই, ৩জি রেডিও, ব্লুটুথ ৪.০ আর ওয়াই-ফাই ৮০২.১১- এর সুবিধাও রাখা হয়েছে এতে। ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা এই স্মার্টফোনটির পেছনে রাখা হয়েছে আঙ্গুলের ছাপ স্ক্যান করার সুবিধা। 

স্মার্টফোনটির দাম ৩৪৮ ডলার রাখা হতে পারে। এই স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ৮ আর মটোরোলা মটো এক্স প্লে- এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে বলে মনে করছে সাইটটি।