রোবটের কারণে কর্মস্থান সংকট?
প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে এর উপর নির্ভরতা। জীবনযাত্রার মান বাড়াতে এর অবদান ফেলে দেওয়া যায় না। কিন্তু এতে সমস্যা যে নেই তাও নয়। এর ফলে সৃষ্টি হতে পারে কর্মস্থান সংকট।
সামনের ১০ থেকে ২০ বছরের মধ্যে উন্নত রোবটের কারণে কমে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের ৫০ শতাংশ কর্মস্থান- এমনটাই আশঙ্কা করছে ব্যাংক অফ ইংল্যান্ড। ৮ কোটি মার্কিন আর দেড় কোটি ব্রিটিশ নাগরিক রোবটদের কারণে কাজের সুযোগ হারাতে পারেন বলে সতর্ক করে দিয়েছে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা, উৎপাদনকর্মী আর কেরানিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বলে মনে করে ব্যাংকটি।
ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হালডেন বলেন, “এই যন্ত্রগুলো ভিন্ন। মানব মস্তিষ্ক আর হাতের কাজ প্রতিস্থাপন করতে পারবে এই রোবটগুলা।” তবে এর মানে বেকারত্ব বেড়ে যাওয়া নয়। তিনি বলেন, “যন্ত্রের তুলনায় বেশি সুবিধা পেতে মানুষ কর্মক্ষেত্রে তাদের দক্ষতা অর্জন করবে।”
কর্মক্ষেত্রে মানুষের জায়গায় ক্রমান্বয়ে প্রযুক্তি চলে আসার ঘটনা এটিই প্রথম নয়। শিল্প বিপ্লবের সময় প্রযুক্তির কারণে অনেক শ্রমিককে তাদের দক্ষতা বাড়াতে হয়েছিল। তবে এবারে বিষয়টি একটু আলাদা বলে মনে করছেন হালডেন। বুদ্ধিমান রোবটের কারণে মাঝারি মানের সব কাজ রোবটের হাতে চলে যাবে, আর মানুষের জন্য একদম নিম্নমানের বা একদম উচ্চমানের কিছু কর্মক্ষেত্র রয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
