২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ গুণ দ্রুত চার্জ হবে ব্যাটারি

প্রচলতি ব্যাটারির তুলনায় ১০ গুণ দ্রুত চার্জ হবে এমন স্মার্টফোন ব্যাটারি নির্মাণের ঘোষণা দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা হুয়াওয়েই। সম্প্রতি জাপানে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 10:55 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানে আয়োজিত ওই অনুষ্ঠানে একাধিক ব্যাটারির মাধ্যমে নিজেদের নতুন প্রযুক্তির কার্য্যক্ষমতা দেখিয়েছে হুয়াওয়েই।

৩ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ৫ মিনিটে ৪৮ শতাংশ চার্জ করে দেখায় হুয়াওয়েই। ৬শ’ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার আরেকটি ব্যাটারি ৬৮ শতাংশ চার্জ হয় ২ মিনিটে।

এর সঙ্গে তুলনামূলক ধারণা পেতে বিবেচনা করা যেতে পারে স্মার্টফোন বাজারের শীর্ষ দুই ডিভাইস আইফোন ৬ এবং স্যামসাং গ্যালাক্সি এস৬। ২৫৫০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি আছে গ্যালাক্সি এস৬-এ। আর আইফোন ৬-এ আছে ১৮১০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

“খুব শিগগিরই এমন পরিস্থিতি হবে যেখানে এক কাপ কফি পান করতে করতেই পুরোপুরি চার্জ হয়ে যাবে আমাদের ব্যাটারিগুলো।”—বলা হয়েছে হুয়াওয়েই-এর পক্ষ থেকে।

প্রতিষ্ঠানটির দাবি, ব্যাটারির ভেতরে লিথিয়াম আয়নের মজুদ সংরক্ষণ এবং চলাফেরার প্রক্রিয়ায় পরিবর্তন এনে চার্জ হওয়ার গতি বাড়ায় তাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি।

মোবাইল ফোন, বৈদ্যুতিক গাড়ি আর পরিধানযোগ্য ডিভাইসের বাজারে এই উদ্ভাবন বড় প্রভাব ফেলবে বলে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়েছে হুয়াওয়েই।