গুগলের বিরুদ্ধে ইয়ানডেক্স
একেই বলে গোদের উপর বিষফোঁড়া- ইতোমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)- এ অপ্রতিযোগিতামূলক আচরণের মামলা রয়েছে গুগলের বিরুদ্ধে। আর এবার গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিয়ে তদন্ত চালাতে ইউরোপিয়ান কমিশনকে অভিযোগ করার কথা জানিয়েছে রুশ সার্চ সাইট ইয়ানডেক্স।
রয়টার্স জানিয়েছে, চলতি বছর এপ্রিল মাসে মার্কিন ওয়েব জায়ান্টটির বিরুদ্ধে রাশিয়ায় একচেটিয়া আচরণের অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় এই রুশ প্রতিষ্ঠানের অভিযোগে জোর দিয়ে একটি আবেদন নথিভুক্ত করা হয়েছিল, আর মামলায় ইয়ানডেক্স জয়ী হয়।
সেপ্টেম্বরে রাশিয়ার বাজার প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষের রায়ে জানানো হয়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের সার্চ অ্যাপ্লিকেশন আগে থেকেই ইনস্টল করে রেখে গুগল আইন ভঙ্গ করেছে।
এ পর্যন্ত অ্যান্ড্রয়েডের বিরুদ্ধে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান সরাসরি অভিযোগ এনেছে, যার মধ্যে ইয়ানডেক্স একটি।
ইয়ান্ডেক্সের পক্ষ থেকে বলা হয়, “আমরা আশা করি, ইউরোপিয়ান ইউনিয়ন সুষ্ঠু প্রতিযোগিতা আর সমান সুযোগ আনতে অ্যান্ড্রয়েডভিত্তিক মোবাইল ফোনগুলোতে শুধু গুগল নয়, অন্যান্য ডেভলাপারদেরও মোবাইল অ্যাপ্লিকেশন প্রি-ইন্সটল করতে দিতে সাহায্য করবে।”
রাশিয়ার সার্চিং খাতের বাজারে ৬০ শতাংশ শেয়ার নিয়ে গুগলের চেয়ে এগিয়ে আছে ইয়ানডেক্স। তবে, বাইরের দেশগুলোতে এতটা ভালো অবস্থান নেই তাদের।
