খেপেছেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা
শুক্রবার নিজস্ব অ্যাপের নতুন সংস্করণ উন্মুক্ত করে ফেঁসে গেছে ভিডিও মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। অ্যাপটির নতুন সংস্করণে বিশেষ কিছু ফটো ফিল্টার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের গুনতে হবে ৯৯ সেন্ট করে। আর নতুন এই আপডেটেই খেপেছেন অ্যাপটির ব্যবহারকারীরা।
মার্কিন সংবাদমাধ্যমটি সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ফটো ফিল্টার ফিচারগুলো ব্যবহারের জন্য ৯৯ সেন্ট খরচ করতে হবে যেনে খেপেছেন স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীদের অনেকেই। কেউ কেউ ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন মাইক্রোব্লগিং সেবা টুইটার।
“স্ন্যাপচ্যাটে আমি কি সত্যিই মাত্র একটা রেইনবো ফিল্টার কিনলাম! নিজের জীবনের সঙ্গে কী করছি আমি! এটা মোটেই ঠিক নয় স্ন্যাপচ্যাট!”—এভাবেই টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেন প্রিয়া মাথারু নামের এক ব্যবহারকারী।
রাঘাদ রাজেদ আইডি ব্যবহারকারী আরেক ব্যক্তি টুইটারে পোস্ট করেন “ওই ফিল্টারগুলো কেউ কিনবে না।”
মজার ব্যাপার হল, ওই টুইটগুলো ডিলিট না করে উল্টো রিটুইট করা শুরু করেছে স্ন্যাপচ্যাট। এমন কী নিজেদের প্রতিক্রিয়া রসিকতা করার সুযোগও ছাড়েনি প্রতিষ্ঠানটি।
টুইটারের মাধ্যমে জানানো অভিযোগগুলো নিয়ে কোনো পদক্ষেপ না নিয়ে তা রিটুইট কেন করা হচ্ছে, সিএনএনের সে প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থেকেছেন এক স্ন্যাপচ্যাট মুখপাত্র।
