ধীরগতিতে বিপাকে গুগল কার
গতিসীমা থেকে দ্রুততর গতিতে গাড়ি চালানোর কারণে ‘পুলিশি অ্যাকশনের’ খবরতো হরহামেশাই শোনা যায়। কিন্তু ধীরে চালানোর কারণে পুলিশ গাড়ি আটক করেছে; তাও সেটা যদি আবার গুগলের চালকবিহীন রোবট গাড়ি হয়, তবে তাতে খানিকটা ‘বিস্মিত হওয়া’ যেতেই পারে!
অনেক ধীর গতিতে চলার কারণে সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট গুগলের বানানো একটি চালকবিহীন গাড়ি আটক করেছে মার্কিন পুলিশ। তবে এক্ষেত্রে পুলিশ এখনও গুগলের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের মামলা ঠুকে দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এই প্রসঙ্গে খানিকটা মজা করে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, “বাজি ধরে বলা যায় মানুষ থাকলে কখনও এভাবে আটক করা হত না।” তবে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেইকলস-এ নথিভুক্ত করা এক দূর্ঘটনা প্রতিবেদনে গুগলের চালকবিহীন রোবটগাড়িগুলোকে ‘অতি-সতর্ক’ বলে চিহ্নিত করা হয়েছে।
এক বিবৃতিতে স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে “এক পুলিশ কর্মকর্তা পূর্বদিকগামী লেনে একটি ধীরগতির গাড়ির পেছনে অন্য গাড়িগুলো জমতে দেখেন। তিনি গুগলের চালকবিহীন গাড়িটি থামিয়ে এর অপারেটরদের সঙ্গে কী ভাবে রাস্তায় গতি নির্ধারণ করা হচ্ছে তা জানতে চান এবং যান চলাচলে বাধা সৃষ্টি করার বিষয়ে আলাপ করেন।”
গাড়িটি ঘন্টায় ৩৫ মাইল গতির লেনে ঘন্টায় ২৪ মাইল বেগে চলছিল বলে জানিয়েছে বিবিসি।
নিজেদের পোস্টে গুগল জানিয়েছে, “নিরাপত্তার কারণে আমরা আমাদের প্রোটোটাইপ যানগুলোর গতিসীমা ঘন্টায় ২৫ মাইলে বেঁধে দিয়েছি।” সেইসঙ্গে চালকবিহীন গাড়ির পরীক্ষামূলক ১২ লাখ মাইল চলার মধ্যে গুগল কার একবারও আইনী ঝামেলায় পড়েনি বলে জানিয়েছে তারা।
বিবিসি জানিয়েছে, পরিসংখ্যান বলে ৯০ শতাংশ সড়ক দূর্ঘটনা মানুষের ভুলের কারণে ঘটে থাকে। আর চালকবিহিন গাড়ি এ সংখ্যা অনেকটাই কমিয়ে দেবে।
