২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিমেইলে বাড়বে নিরাপত্তা

নিরাপত্তা নিয়ে নতুন সুবিধা আনা হচ্ছে ওয়েব জায়ান্ট গুগলের মেইল আদান-প্রদান সেবা জিমেইলে। এখন থেকে ব্যবহারকারীরা এনক্রিপটেড নয় এমন কোনো সংযোগ থেকে কোনো মেইল পেলে এ বিষয়ে সতর্ক করা হবে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

ইতোমধ্যে গুগল তাদের সার্ভার আর ব্যবহারকারীদের সংযোগে এইচটিটিপিএস ব্যবহার করছে। ভবিষ্যতে সার্ভার নয়, অন্য কোনো অ্যাড্রেস থেকেও যদিও কোনো এনক্রিপটেড নয় এমন মেইল পাঠানো হয় তা নিয়ে ব্যবহারকারীকে সতর্ক করবে গুগল।

সাম্প্রতিক বছরগুলোতে গুগল আর অন্যান্য ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এই পরিবর্তন আনা শুরু করেছে।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, অন্যান্য সার্ভিস থেকে জিমেইলে পাঠানো ৬৭ শতাংশ আর জিমেইল থেকে অন্যান্য সার্ভিসে পাঠানো ৮১ শতাংশ ইমেইল এনক্রিপটেড থাকে। আর জিমেইল থেকে জিমেইলে সব আদান-প্রদানই এনক্রিপটেড।

গুগল, ইউনিভার্সিটি অফ মিশিগান আর ইউনিভার্সিটি অফ ইলিনয়েসের একটি যৌথ গবেষণায় জানা যায়, এখন ৯৪ শতাংশ জিমেইল মেসেজই যাচাইকৃত। সেই সঙ্গে কিছু ক্ষতিকারক ডিএনএস সার্ভার ডেটা রোধ করার চেষ্টা করছে বলে জানিয়েছে তারা।

গবেষকরা বলেন, "এ ধরনের আক্রমণ বিরল, কিন্তু গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই আক্রমণকারীরা মেসেজ বদলাতে পারলে তা খুব চিন্তার বিষয়।”