২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ‘সেলফ-ডেসট্রাক্টিং’ মেসেজ!

ফ্রান্সের ব্যবহারকারীদের মধ্যে নতুন ‘সেলফ-ডিসট্রাক্টিং মেসেজ’ ফিচার নিয়ে পরীক্ষা চালানো শুরু করেছে ফেইসবুক। ফরাসী ব্যবহারকারীদের ফেইসবুক মেসেঞ্জার অ্যাপে যোগ হয়েছে নতুন একটি সেটিং যাতে কোনো মেসেজ পাঠানোর এক ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে ওই মেসেজ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 10:47 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

বলা হচ্ছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ানো প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতে ভিডিও মেসেজিং অ্যাপ সেবাটির পথ অনুসরণ করার চেষ্টা করছে ফেইসবুক।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মেসেঞ্জার অ্যাপে যোগ হয়েছে নতুন ‘আওয়ার গ্লাস আইকন’। যাতে ট্যাপ করে মেসেজ পাঠালে এক ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে মেসেজগুলো। শুক্রবার ফ্রান্সে ফিচারটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

“স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া মেসেজগুলো ব্যবহারকারীদের মজার আরেকটি অপশন দেবে যা তারা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগে ব্যবহার করতে পারবেন। আমরা ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”—জানিয়েছে ফেইসবুক।

সিনেট জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে আসলে সরাসরি স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো ফেইসবুক। ফেইসবুকের দেওয়া ৩শ’ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মালিকানা নিজেদের কাছেই রেখেছিল স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এরপর থেকে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা যে হারে বাড়ছে তা মাথা ব্যথার কারণ হয়ে ফেইসবুক কর্তৃপক্ষের।

অন্যদিকে ‘ভিডিও ভিউ’-এর হিসেবেও ফেইসবুকের কাছাকাছি চলে এসেছে স্ন্যাপচ্যাট। সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুকে ব্যবহারকারীরা প্রতিদিন ৮শ’ কোটি ভিডিও দেখেন। এর বিপরীতে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের ভিডিও দেখার পরিমাণ চলে এসেছে ৬শ’ কোটিতে। সব মিলিয়ে নতুন গতি পাচ্ছে ফেইসবুক বনাম স্ন্যাপচ্যাট দ্বৈরথ।