২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে ফেইসবুকের ‘সেইফটি চেক’

জঙ্গী হামলার সময় প্যারিসে ছিলেন এমন ব্যক্তিদের জন্য ‘সেইফটি চেক’ ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুক। এর মাধ্যমে বন্ধু ও পরিবারের সদস্যদের তারা জানাতে পারবেন যে প্যারিসে থাকলেও তারা নিরাপদেই আছেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 10:46 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যে সব বন্ধুরা প্যারিসে থাকলেও নিরাপদে আছেন তাদের ব্যপারে অন্যান্য ব্যবহারকারীরা নোটিফিকেশন পাওয়া শুরু করেন শুক্রবার সন্ধ্যা থেকেই।

২০১৪ সালে চালু করার পর এখন পর্য্যন্ত ৫ বার এই টুলটি ব্যবহার করেছে ফেইসবুক। এর মধ্যেই কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এমন ঘটনায় প্রথমবারের মতো এই টুলটি ব্যবহার করা হল।

প্যারিস হামলা প্রসঙ্গে ফেইসবুকের এক বিবৃতিতে বলা হয়েছে, “প্যারিসের ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত। এই মুহুর্তগুলোতে সেখানে আছেন এমন ব্যক্তি এবং তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।”

“ব্যবহারকারীরা বন্ধু ও কাছের মানুষরা নিরাপদ আছেন কি না জানার জন্য ও আপডেটের জন্য ফেইসবুকের উপর নির্ভর করে। তাই আমরা সেইফটি চেক টুলটি তৈরি করেছিলাম এবং প্যারিসের মানুষদের জন্য আবারও চালু করেছি।”—যোগ করে ফেইসবুক।

এখন পর্যন্ত কত জন ব্যবহারকারী সেইফটি চেক-এর মাধ্যমে তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করেছেন সে প্রশ্নের উত্তরে নিশ্চিত করে কোনো সংখ্যা জানাতে পারেননি ফেইসবুকের এক মুখপাত্র।