২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের আবদার বেড়েছে ফেইসবুকে

ব্যবহারকারীদের তথ্য চেয়ে ভারত সরকারের করা অনুরোধের সংখ্যা বেড়ে গিয়েছে বলে বুধবার জানিয়েছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক। শুধু তাই নয়, স্থানীয় আইনের উপর ভিত্তি করে ফেইসবুককে কড়াকড়ি আরোপ করতেও অনুরোধ করেছে তারা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 05:38 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

ফেইসবুকের সর্বশেষ ট্রান্সপারেন্সি প্রতিবেদনের সূত্র ধরে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ২০১৪ সালের শেষ ছয় মাসের তুলনায় চলতি বছর প্রথমার্ধে ভারত সরকারের এমন অনুরোধের সংখ্যা ১৮ শতাংশ বেড়ে হয়েছে ১৭ হাজার ৫শ’ ৭৭। আর দেশভেদে স্থানীয় আইন লঙ্ঘনের কারণে নিষিদ্ধ করা কনটেন্টের সংখ্যা ১শ’ ১২ শতাংশ বেড়ে হয়েছে ২০ হাজার ৫শ’ ৬৮। যার মধ্যে ১৫ হাজার ১শ’ ৫৫টির পেছনে রয়েছে ভারত সরকারের হাত। এখন পর্যন্ত অন্য কোনো দেশ এ সংখ্যায় হাজারের মাইলফলকই পাড়ি দিতে পারেনি।

এক প্রতিবেদনে ফেইসবুক বলে, “ভারতব্যাপী বিশৃংখলা আর অসঙ্গগতি ছড়ায় এমন ধর্ম-বিরোধী আর ঘৃণামূলক পোস্টের জন্য দেশটির তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্ডিয়া কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম আর আইন-প্রণয়নকারী সংস্থার প্রাথমিক অভিযোগের উপর ভিত্তি করে আমরা ভারতের অনেক কনটেন্ট নিষিদ্ধ করেছি।”

প্রকৃত সংখ্যা উল্লেখ করা না হলেও, সর্বশেষ প্রতিবেদনে ইন্টিলিজেন্স এজেন্সির পাঠানো অনুরোধের সংখ্যা হাজারের মধ্যে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেইসবুকের ডেপুটি জেনারেল কাউন্সেল কেইস সোন্ডারবাই বলেন, “আমরা আগে যেমন বলেছি, মানুষের তথ্যে সরকারকে পেছনের দরজা দিয়ে ফেইসবুক কোনো অ্যাকসেস দেয় না।”