২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআর হেডসেট আর রোবট আনবে আসুস

আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রথম অগমেন্টেড রিয়ালিটি (এআর) হেডসেট আনার ঘোষণা দিল প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ২০১৬ সালে এটি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 01:40 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

এ নিয়ে প্রতিষ্ঠানটি এখনই বিস্তারিতভাবে কিছু জানাতে রাজি হয়নি বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। তবে, আসুস এখাতে প্রবেশের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আসুসের প্রধান নির্বাহী জেরি শেন। তিনি বলেন, “আগামি বছর আমরা নতুন পণ্য নিয়ে আসব। মানুষের জীবনে এআর খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করি।”

২০১৬ সালে ৩ হাজার ডলার মূল্যের অগমেন্টেড রিয়ালিটি গ্লাস হলোলেন্সের ডেভলাপার সংস্করণ আনতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এর একটি সস্তা সংস্করণ আনার লক্ষ্যে চলতি বছর অক্টোবরে মাইক্রোসফটের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনি শিহ। তবে, আসুসের পণ্যের সঙ্গে হলোলেন্সের কোনো সম্পর্ক থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

অগমেন্টেড রিয়ালিটি ডিভাইস ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের চেয়ে বেশি দরকারি হবে বলে মনে করেন শেন।

বরাবরই ল্যাপটপ নির্মাণ নিয়ে নামডাক থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে স্মার্টফোন আর ট্যাবলেট বাজারেও প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি। চলতি বছরেই প্রতিষ্ঠানটি পিসির তুলনায় বেশি সংখ্যক মোবাইল ডিভাইস বিক্রি করবে বলে ভাবষ্যদ্বাণী করেছে।

আর মজার বিষয় হচ্ছে, প্রতিষ্ঠানটি ২০১৬ সালে একটি সার্ভিস রোবট আনারও পরিকল্পনা করছে বলে জানান শেন। যদিও, এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।