আইওএস-এ আসছে ফায়ারফক্স
শেষ পর্যন্ত আইওএসের অপারেটিং সিস্টেমে জন্য এল বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজারের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়েব ব্রাউজার ফায়ারফক্স। নভেম্বর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার থেকে অ্যাপলের মোবাইল ডিভাইসেও ব্যবহার করা যাচ্ছে এই ওয়েব ব্রাউজারটি।
গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ফায়ারফক্সের অভিষেক হয়েছিল ২০১১ সালে। কিন্তু থার্ড-পার্টি ডেভেলপারদের নিয়ে অ্যাপলের কড়া নীতিমালার কারণে ফায়াফক্সের নির্মাতা মোজিলা দীর্ঘদিন আইওএস অপারেটিং সিস্টেম এড়িয়ে গেছে।
অবশেষে মোজিলা চলতি বছরের সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের আইওএস ব্যবহারকারীদের মধ্যে এই ফ্রি ব্রাউজারের একটি ‘প্রিভিউ’ সংস্করণ উন্মুক্ত করে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। আর এবার আইওএস ডিভাইসের জন্য বিশ্ববাজারে অভিষেক হল এর মূল সংস্করণটির।
থার্ড-পার্টি ডেভেলপারদের সফটওয়্যারের ক্ষেত্রে নীতিমালায় অ্যাপলের কড়াকড়ি বরাবরই চোখে পড়ার মতো। এ কারণে আইটিউনস অ্যাপ স্টোরে জায়গা করে নিতে বেশ কষ্ট করতে হয় ব্রাউজারগুলোকে।
চলতি বছরের শুরুতে আইওএস ৮-এ অভিষেকের পর এতে ‘কাজের সুযোগ’ দেখতে পাওয়ায় আইওএসের জন্য ব্রাউজার বানানোর কাজ আরম্ভ করা হয় বলে জানিয়েছে ফায়ারফক্সের নির্মাতা প্রতিষ্ঠান মোজিলা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, “আমরা সম্ভাব্য সব ভাষা, প্ল্যাটফর্ম আর ডিভাইসে ফায়ারফক্স আনতে চাই।”
অনেকটা ডেস্কটপের ফায়ারফক্সের মতো করেই বানানো হয়েছে আইওএসের ফায়ারফক্স অ্যাপ। সেখানেও থাকছে ব্রাউজিং হিস্টোরি, ট্যাব, পাসওয়ার্ড, বুকমার্ক, প্রাইভেট ব্রাউজিং আর সার্চিং সাজেশনের মতো সুবিধা।
ফায়ারফক্সের ভাইস প্রেসিডেন্ট নিক এনগুয়েন বলেন, “আপনারা আইওএসে ফায়ারফক্সের প্রথম সংস্করণটি পছন্দ বলে আশা করছি।”
