অ্যাপের চেহারায় ফ্লিপকার্টের নতুন সাইট
ওয়েব জায়ান্ট গুগলের সহযোগিতায় সরাসরি ওয়েবসাইটেই পুশ নোটিফিকেশনসহ অ্যাপের সব কাজ করা সম্ভব হবে এরকম মোবাইল সাইট তৈরি করেছে ভারতীয় ই-কমার্স স্টার্ট-আপ ফ্লিপকার্ট।
এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফ্লিপকার্ট সোমবার নিজেদের নতুন সাইটটি উন্মুক্ত করেছে।
গুগল টিমের সহযোগিতায় তৈরি ওই সাইটটি মোবাইল ওয়েব ব্রাউজার গুগল ক্রোমকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সাইটটির মাধ্যমে অফলাইনে থেকেও সার্চ করা, তথ্য সংগ্রহ করা এবং স্মার্টফোনের ক্যামেরার মতো বিভিন্ন হার্ডওয়্যার ফিচার ব্যবহার করা সম্ভব হবে।
এ ধরনের সুবিধা অ্যাপে পাওয়া গেলেও মোবাইল সাইটে সাধারণত পাওয়া যায় না। আর তাই আসন্ন গুগল ক্রোম ডেভেলপার সম্মেলনে এ সাইট তৈরির সময় যেসব বাঁধার সম্মুখীন হতে হয়েছে এবং যেসব দুর্বলতা খুঁজে পাওয়া গেছে, সেগুলো দেখানোর পরিকল্পনা করেছে ফ্লিপকার্ট।
সাইটটি প্রসঙ্গে ফ্লিপকার্টের প্রকৌশলী বিভাগের প্রধান পিউশ রাঞ্জন জানিয়েছেন, ব্যবহারকারীরা যখন মোবাইল ওয়েবসাইটে যান, তখন তাদেরকে আরও ভালো অভিজ্ঞতা ও সেবা দেওয়ার জন্য অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। কিন্তু অ্যাপের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ওয়েবসাইটকে নিয়মিত আপডেট রাখা যায়, কিন্তু অ্যাপের ক্ষেত্রে অধিকাংশ সময়ই তা সম্ভব হয় না।
অন্যদিকে সাইটটি প্রসঙ্গে ক্রোমের প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক রাহুল রয়-চৌধুরী, “আমরা চাচ্ছি, বিষয়টি মানুষের মোবাইল ওয়েব ব্যবহারে যাতে প্রভাব রাখে।” তিনি আরও জানিয়েছেন, বিষয়টি ভারতের মতো নতুন বাজারগুলোর জন্য বেশ সুফল বয়ে আনবে। কারণ এ স্থানগুলোতে স্মার্টফোনের চল বাড়লেও নেটের গতি বাড়েনি। ফলে অনেক ক্ষেত্রেই ডাউনলোডের গতির কারণে অ্যাপ সংগ্রহ করা সম্ভব হয় না।
