বিল নিয়ে শঙ্কায় প্রযুক্তি প্রতিষ্ঠান
যুক্তরাজ্য সরকার প্রস্তাবিত পাওয়ার বিলে কোনো পরিবর্তন না আনলে তা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিপদ বয়ে আনবে এমন আশঙ্কাই করছে প্রতিষ্ঠানগুলো।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, বর্তমানে বিলটির যে খসড়া করা হয়েছে, তা পাশ হয়ে গেলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অনেকটা যা খুশি তাই করাতে বাধ্য করতে পারবে যুক্তরাজ্য সরকার।
বিলের যে ব্যাপারগুলো নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শঙ্কায় রয়েছে, সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে, সরকার চাইলেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজ গ্রাহক ডেটা হস্তান্তর করতে হবে। এ ছাড়াও সরকার যদি আদেশ করে তাহলে অ্যাপের এনক্রিপশন সেবা সড়িয়ে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর।
যদিও বিলের সূচণায় বলা হয়েছে, সরকার এনক্রিপশন সেবায় কোনো আঘাত করবে না, তারপরও শঙ্কামুক্ত হতে পারছে না প্রতিষ্ঠানগুলো। কারণ বিলের অনুবিধিতে লেখা রয়েছে, সরকার যদি আদেশ করে তাহলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজ অ্যাপের কোড পরিবর্তন করতে হবে।
এ ধরনের কিছু অনুবিধির কারণেই মূলত বিভিন্ন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান বিলটি নিয়ে শঙ্কিত। সোমবার মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, এনক্রিপশন বন্ধ বা দুর্বল করলে খারাপ মানুষের বদলে ভালো মানুষদেরই ভুগতে হবে, কারণ অন্যরা জানেন, কোথায় সড়ে যেতে হবে।
