কাঠগড়ায় আলিবাবা
চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে বিশাল জালিয়াত দাবী করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মে মাসে যুক্তরাষ্ট্রের নিউ-ইয়র্কের এক আদালতে মামলা করেছে প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান কেরিং এসএ’র অধীনে থাকা গুচি, ইউভস সেইন্ট লরেন্সসহ অন্যান্য বিলাসবহুল পণ্যের ব্র্যান্ডগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, আলিবাবা জেনেশুনে তার সাইটে নকল পণ্য বিক্রি হওেত দিচ্ছে।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে আদালতের মাধ্যমে মধ্যস্থতার আবেদন জানিয়েছে আলিবাবা।
কিন্তু মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিবাবার প্রধান নির্বাহী জ্যাক মা জানিয়েছেন, আলিবাবা কোনোভাবেই মধ্যস্থতা করবে না। মামলায় প্রয়োজনে হারতে ও জরিমানা গুণতে রাজি কিন্তু মধ্যস্থতায় রাজি নন বলেই ওই সাক্ষাৎকারে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মা। তার বিশ্বাস এ পন্থায় প্রতিষ্ঠানটির সুনাম এবং সম্মান অক্ষুন্ন থাকবে।
পরবর্তীতে ৬ নভেম্বর বিচারক বরাবর এক চিঠিতে বাদী প্রতিষ্ঠানগুলোর প্রধান আইনজীবি জানিয়েছেন, আলিবাবার প্রধান নির্বাহীর এমন মন্তব্যে বেশ জটিলতায় পড়ে গেছে বাদী প্রতিষ্ঠানগুলো। কারণ আলিবাবাই প্রথমে মধ্যস্থতার আবেদন জানিয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এমন মন্তব্যে এমনটাই বুঝা যাচ্ছে যে শুধু সময় নষ্ট করার উদ্দেশ্যেই আলিবাবা মধ্যস্থতার আবেদন করেছে।
এ প্রসঙ্গে আলিবাবার মুখপাত্র বব ক্রিস্টি এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, “মধ্যস্থতার বদলে তারা যদি আইনি লড়াইয়ে আসতে চায়, তাহলে আমরা দৃঢ়ভাবে আমাদের আইনত প্রাপ্ত অধিকার ও সম্মান রক্ষার্থে লড়ব।”
অন্যদিকে চিঠির জবাবে যুক্তরাষ্ট্র আদালতের ওই বিচারক সোমবার এক আদেশে দুই পক্ষকেই মধ্যস্থতার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন।
