২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াতেই রাখতে হবে টুইটারের স্থানীয় ডেটা

স্থানীয় সার্ভারে স্থানীয় ব্যবহারকারীদের ডেটা স্টোর করতে হবে মাইক্রোব্লগিং সাইট টুইটারকে-- প্রতিষ্ঠানটিকে এমনটাই আদেশ দিয়েছে রাশিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:35 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বিবিসি জানিয়েছে, এর আগে রাশিয়ান ওয়াচডগ রস্কোমাজর এমন পদক্ষেপকে প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করার কারণে এই নীতিমালা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। রস্কোমাজর রাশিয়ায় কোনো সাইটকে নীতিমালা না মানার কারণে বন্ধ বা জরিমানা করার অধিকার রাখে। সামাজিক যোগাযোগের নীতিমালায় নতুন এই পরিবর্তন সংযোজন করা হবে। শুধু টুইটার নয়, একই দাবি নিয়ে ফেইসবুকের সঙ্গেও যোগাযোগ করা হবে।

টুইটারের একজন মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০১৪ সালে ইন্টারনেট সেবা নিয়ে নতুন এক আইন পাস করা হয়েছিল দেশটিতে। এ আইনে ২০১৫ সাল থেকে রাশিয়ায় স্থানীয় সার্ভারে ইন্টারনেটে ব্যবহার করা রুশ নাগরিকদের ব্যাক্তিগত তথ্য জমা রাখার কথা বলা হয়।

নতুন এই নীতিমালার কারণে নাগরিকদের ডেটা সুরক্ষা নিশ্চিত হবে আর জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মনে করছেন এই পদক্ষেপের সমর্থকরা। অন্যদিকে, এটি ইন্টারনেটে সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর অংশ বলে সমালোচনা রয়েছে।

চলতি বছর জুলাইয়ে টুইটার ব্যাক্তিগত ডেটা জমা করে না বলে জানায় এই ওয়াচডগ। কিন্তু এখন বিষয়টি বদলে গেছে। নিয়ন্ত্রক সংস্থার প্রধান অ্যালেক্সজান্ডার ঝারভ বলেন, “কয়েক মাস আগে তারা তাদের ‘ইউজার অ্যাগ্রিমেন্ট’ বদল করে। আর আপনি যদি তা পড়েন তো দেখবেন, মানুষ অবশ্যই কিছু মেটাডেটা দিচ্ছে, যা পুরোটা মিলে আমাদের কাছে ব্যাক্তিগত ডেটা হিসেবে গণ্য হয়।

এ নিয়ে ফেইসবুকের জবাব শুনতে চেয়েছেন বলেও জানান তিনি।

চলতি বছরের শুরুতে সংস্থাটির উপ প্রধান ম্যাক্সিম সেনজভ টুইটার নিষিদ্ধ করার এক প্রস্তাব আনলে, রুশ প্রধানমন্ত্রী কর্মকর্তাদের ‘মাথা খুলতে’ বলেন।