২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসানে লেনোভো

প্রাতিষ্ঠানিক খরচ পুনর্গঠনের পরও ক্ষতির মুখে পড়েছে চীনা কম্পিউটার ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। সম্প্রতি ৭১ কোটি ৪০ লাখ ডলার লোকসানের প্রতিবেদন দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:32 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

বিবিসি জানিয়েছে, কর্মী ছাটাঁই আর স্মার্টফোনের স্টক শেষ করতে গিয়ে প্রতিষ্ঠানটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় ৯২ কোটি ৩০ লাখ ডলার কমে গিয়েছিল।

তবে, পূর্বাভাসের চেয়ে প্রতিষ্ঠানটির ক্ষতি কমই হয়েছে। আর এর আয় ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২শ' ২০ কোটি ডলারে।

হংকংয়ে বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ৫ শতাংশ বেড়েছে।

বিশ্বব্যাপী স্মার্টফোন আর ট্যাবলেট ব্যবসার সঙ্গে কম্পিউটার বাজারেও বিক্রি কমতে থাকার অভিজ্ঞতার কথা জানিয়েছে লেনোভো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "উদীয়মান বাজারে মুদ্রা অস্থিরতার সঙ্গে ম্যাক্রো-ইকোনমি আর বিশ্ববাজার প্রতিযোগিতামূলক হয়ে উঠছে।"

নিজেদের কার্যক্রম নতুন করে সাজানো হচ্ছে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এরই ফলশ্রুতিতে চলতি বছরের শুরুতে ৩ হাজার ২শ' কর্মীকে ছাটাঁইয়ের ঘোষণা দেয় তারা।

স্মার্টফোন বাজারে নিজদের অবস্থান উন্নত করার চেষ্টার অংশ হিসেবে গুগলের কাছ থেকে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলাকে ২শ' ৯০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয় লেনোভো।

সেপ্টেম্বর পর্যন্ত হিসেবে বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির ৫.৩ শতাংশ শেয়ার বৃদ্ধি হয়েছে বলে জানায় লেনোভো।