শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইল অ্যাপল
ছয় স্কুলশিক্ষার্থীর কাছে ক্ষমা চাইল টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির অস্ট্রেলিয়ার একটি দোকান থেকে তাদের বের করে দেওয়া হলে, একে বর্ণবাদী আচরণ হিসেবে অভিহিত করেছিল ওই শিক্ষার্থীরা। এরা সবাই মেলবোর্নের ম্যারিবাইরনং কলেজে অধ্যয়নরত আর বয়স দশ-এর কোঠায়।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘটা এমন এক ঘটনার ফুটেজ ছড়িয়ে গেলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঝড় উঠে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। উল্লেখ্য, ওই শিক্ষার্থীদের সবাই কৃষ্ণাঙ্গ।
শিক্ষার্থী ও তাদের স্কুলের অধ্যক্ষের কাছে ক্ষমা চেয়েছে দোকানের ম্যানেজার, এমনটাই জানিয়েছে অ্যাপল।
শিক্ষার্থীদের মধ্যে ওই ঘটনার ফুটেজ ধারণ করে ফ্র্যান্সিস ওজ। ফেইসবুকে সে বলে, "সরাসরি বর্ণবাদ, তাদের ক্ষমা চাইতে হয়েছে।" পরে অ্যাপলের জবাবে তারা সন্তুষ্ট হয়েছেন বলে জানান আরেক শিক্ষার্থী মোহামেদ সেমরা। তিনি বলেন, “তারা ক্ষমা চেয়েছে, আমরা উৎফুল্ল, এটি নিয়ে আর বাড়ানোর দরকার নেই।”
ওই ঘটনার ভিডিও ফেইসবুকে ঝড় তুলে। ৬২ হাজারেরও বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। এতে দেখা যায়, দোকানের একজন কর্মী বলছেন, "এরা (নিরাপত্তা কর্মীরা) সম্ভবত চিন্তিত তোমরা হয়তো কিছু চুরি করতে পার।” আর যখন শিক্ষার্থীরা এনিয়ে প্রতিবাদ জানায়, তখন ওই কর্মী বলেন, “কাহিনি শেষ- আমি তোমাদের দোকান থেকে বেরিয়ে যেতে বলছি।”
