২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআই সফটওয়্যার ফ্রি বিলাবে গুগল

ভাষা আর ছবি চেনার জন্য ব্যবহৃত মেশিন-লার্নিং সফটওয়্যার বিলিয়ে দেওয়ার পদক্ষেপ নিচ্ছে টেক জায়ান্ট গুগল। অবাক লাগলেও বাস্তবে তা-ই ঘটতে যাচ্ছে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:23 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এক উন্মুক্ত লাইসেন্সের অধীনে টেনসরফ্লো নামের এই সিস্টেম ছাড়তে যাচ্ছে অ্যালফাবেট। কম্পিউটারকে দিন দিন আগের চেয়ে স্মার্ট করে তুলতে ব্যবহার করা এই মেশিন-লার্নিং প্রোগ্রাম ছিল অনেকটা প্রতিষ্ঠানটির যক্ষের ধনের মতো।

শুধু একটি প্রোগ্রামই নয়, এতদিনে এটি অর্জন করেছে গুগলের একগাদা ডেটা, একটি শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্ক। আর সঙ্গে আছে কৃত্রিম-বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের নিয়ে বানানো এক বিশাল দল।

এটিকে উন্মুক্ত করার এমন সিদ্ধান্তকে মোটেই ভুল হিসেবে দেখছেন না যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক অধ্যাপক নেলো ক্রিশ্চিয়ানিনি। তিনি বলেন, “এটি ছেড়ে দেওয়া কোনো আত্নবিধ্বংসী কৌশল নয়।”

মূলত সফটওয়্যারটি মুক্ত করে দিয়ে আরও বেশি করে গবেষকদের আকর্ষণ করতে চাচ্ছে গুগল। এর ফলে, তারা সফটওয়্যারটির উন্নয়নে আরও বেশি কৌশল প্রয়োগে সহায়তা করতে পারবেন। নিজেদের ওয়েবসাইটে গুগলের পক্ষ থেকে বলা হয়, “টেনসরফ্লো এখনও সম্পূর্ণ নয়, এটিকে আরও উন্নত ও বর্ধিত করার ইচ্ছা আছে।”

মেশিন-লার্নিং খাতে গুগল শীর্ষে থাকলেও, প্রতিদ্বন্দী ফেইসবুক, মাইক্রোসফট, বাইদু’ও পিছিয়ে নেই। ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের চেহারা শনাক্ত করতে এটি ব্যবহার করছে ফেইসবুক। চলতি বছর জানুয়ারি মাসে টর্চ নামের একটি সংস্করণ উন্মুক্ত করে তারা। গুগলের অধীনস্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপমাইন্ড এই সংস্করণ ব্যবহার করছে বলে জানিয়েছে ফেইসবুক।