অ্যাপল ওয়াচের চীনা প্রতিদ্বন্দ্বী
চীনের স্মার্টওয়াচ বাজারে সম্ভবত নতুন প্রতিদ্বন্দ্বীর মুখে পরতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। চীনা প্রতিষ্ঠান ‘মোবভই’-এর বানানো ‘টিকওয়াচ’ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বাজারে নিজের আলাদা অবস্থান গড়ে নিয়েছে অল্প সময়ে।
নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এক ইভেন্টে প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপক ওয়াইলি লিন সোনালি রঙয়ের এই স্মার্টওয়াচ প্রদর্শন করেন।
সাবেক গুগলকর্মীরা দুই বছর আগে স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে ‘মোবভই’-এর প্রতিষ্ঠা করেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। প্রতিষ্ঠানটি মূলত ‘ল্যাঙ্গুয়েজ সার্চ’ প্রযুক্তি নিয়ে কাজ করে বলে জানিয়েছে সাইটটি।
‘মোবভই’-এর নিজস্ব অপারেটিং সিস্টেম টিকওয়্যারে চলবে টিকওয়াচ। এই স্মার্টওয়াচ আর এর অপারেটিং সিস্টেম দুটোই শুধু চীনা ভাষাভাষীদের জন্য উপযোগী।
টিকওয়্যার অ্যান্ড্রয়েড চালিত না হলেও প্রতিষ্ঠানটির সঙ্গে বিনিয়োগকারী হিসেবে আছে পশ্চিমা বিশ্বে অ্যাপলের শীর্ষ প্রতিদ্বন্দ্বী গুগল। আর চীনের বাজারে অ্যান্ড্রয়েডওয়্যার আনার জন্য গুগলের সঙ্গে চুক্তি আছে ‘মোবভই’-এর।
ভবিষ্যতে স্মার্টওয়াচটির আন্তর্জাতিক সংস্করণ বের করা হবে বলে জানিয়েছেন লিন।
