ভারতে রমরমা কোডারদের বাজার
ভারতের প্রযুক্তিখাতের স্টার্টআপগুলোর জন্য মোটা অংকের বিনিয়োগ ঢালছেন বিনিয়োগকারীরা। ফলে বাড়ছে প্রযুক্তি প্রতিষ্ঠান, আর এসব প্রতিষ্ঠানে বাড়ছে কোডারদের চাহিদা। সব মিলিয়ে কোডারদের জন্য দেশটি হয়ে বড় একটি বাজার।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রযুক্তিবিষয়ক ব্লগ ডব্লিউএসজি ডটডি জানিয়েছে, ভারতীয়দের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার এটাই সঠিক সময়।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কারিগরি খাতে যুক্ত শীর্ষ কর্মকর্তাদের বেতনই শুধু বাড়ানো হচ্ছে না, সেই সঙ্গে তাদের মন ধরে রাখতে নানা রকম আকর্ষণীয় সব সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।
সামাজিক মাধ্যমগুলোতে কর্মী নিয়োগকারীরা যেন হুমড়ি খেয়ে পড়ছেন। রিয়েল-এস্টেট সার্চ প্ল্যাটফর্ম হাউজিং ডটকমের ডেভেলপার অভয়রাজ সিং বলেন, “এখন আমি যদি আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা হয় তখন দেখা যাবে এটি চাকরির প্রস্তাব দিয়ে ভরা।”
কর্মীদের দেওয়া সুবিধার কথা বলতে গিতে তিনি বলেন, “সাধারণত কর্মীদের আকর্ষণীয় অফিস স্পেস, ব্যায়ামাগারের সদস্যপদ, উবারের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থার মতো প্রস্তাব দেওয়া হয়ে থাকে।”
একটি মিউজিক শেয়ারিং স্টার্টআপের কর্মী আশুল গোয়েল জানান, স্টার্টআপগুলো সাধারণত উন্নত কম্পিউটার বা স্মার্টফোন দেওয়া হয়। সেই সঙ্গে কাজের সময় নিয়ে আলোচনার সুযোগও থাকে, থাকে বাসা থেকে কাজ করার সুবিধা আর বাড়তি অফার হিসেবে পাওয়া যায় দীর্ঘ ছুটি।
বর্তমানে দেশটিতে দক্ষদের জন্য কাজের কোনো অভাব নেই বলে জানান ব্যাঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ প্র্যাক্টোর প্রধান শশাঙ্ক এন. ডি.। তিনি আরও যেগ করেন, ‘এত সুযোগ মানুষকে নষ্ট করে দিচ্ছে।’
