২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ম্যাপসে অফলাইন সার্চ

নতুন সফটওয়্যার আপগ্রেড যোগ হয়েছে গুগল ম্যাপসে। ইন্টারনেট সংযোগ না থাকলেও এখন পথের নির্দেশনা দিতে পারবে অ্যাপটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:53 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

অফলাইন সার্চ আর দিক নির্দেশনা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান, কার্যক্রমের সময় আর টেলিফোন নম্বরও গুগল ম্যাপস থেকেই পাওয়া যাবে বলে জানিয়েছে বিবিসি।

গুগলের দাবি মোবাইলের সাবস্ক্রিপশন প্ল্যানে নির্ধারিত এলাকার বাইরে ভ্রমণের সময় পর্যটকরা এবং যে সব অঞ্চলে মোবাইল ডেটা প্ল্যান এখনও ব্যয়বহুল সেসব অঞ্চলের ব্যবহারকারীরাই গুগল ম্যাপসের নতুন আপগ্রেডে সবচেয়ে বেশি উপকৃত হবেন।

এ প্রসঙ্গে ভিন্ন মত দিয়েছেন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড। তার মতে এই ফিচারের ফলে খুব বেশি উপকৃত হবেন না সস্তা স্মার্টফোনের ক্রেতারা।

“সস্তা অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় মোটে ৪ জিবি অনবোর্ড মেমোরি থাকে। কয়েকটি অ্যাপ, ভিডিও আর গান ডাউনলোড করার পরই শেষ হয়ে যায় মেমোরি। ম্যাপস অ্যাপের মাধ্যমে ডাউনলোড করা ডেটা নিয়ে বিপাকে পরে যেতে পারেন কেউ কেউ। তবে অনেকগুলো ইতিবাচক দিকের মধ্যে ছোট একটি নেতিবাচক দিক এটি।”—মন্তব্য করেছেন উড।

আইওএস ডিভাইসের জন্যেও একই ফিচার চালু করার প্রতিশ্রুতি দিয়েছে গুগল। তবে সে জন্য আইওএস ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।